স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৫ ফেব্রুয়ারি: প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় ম্যাচে জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড। রবিবার ওল্ড ট্রাফোর্ডে ওয়েস্ট হ্যামকে ৩-০ গোলে উড়িয়ে দিল তারা। এরিক টেন হ্যাগের দলের হয়ে জোড়া গোল গার্নাচোর। বাকি গোলটি করেন রাসমাস হুইল্যান্ড। এই জয়ের ফলে ২৩ ম্যাচে ৩৮ পয়েন্ট পেয়ে ছ’নম্বরে উঠে এল রেড ডেভিলরা।

ঘরের মাঠে প্রাক্তন কোচের দলের বিরুদ্ধে দুরন্ত ফুটবল উপহার দিলেন ব্রুনো ফার্নান্ডেজরা। অনেকদিন পর প্রিমিয়ার লিগে তিন গোলের ব্যবধানে কোনও দলকে হারাল ম্যানচেস্টারের ক্লাবটি। পাশাপাশি এদিন কোনও গোল হজম করেনি তারা। খেলার ২৩ মিনিটে প্রথম গোল করে ইউনাইটেডকে এগিয়ে দিয়েছিলেন হুইল্যান্ড। রবিবার ২১ বছরে পা দিলেন এই ড্যানিশ স্ট্রাইকার। আর এদিনেই ইউনাইটেডের কনিষ্ঠতম ফুটবলার হিসেবে টানা চার ম্যাচে গোলের নজির গড়লেন তিনি। ক্যাসিমিরোর পাস থেকে বল পেয়ে দুজন ডিফেন্ডারকে কাটিয়ে বল জালে জড়ান হুইল্যান্ড। প্রথমার্ধে দুটি দল বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরী করলেও কাজে লাগাতে পারেনি। ফলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যান ব্রুনোরা।

আরও পড়ুন: Australia West Indies: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে হার ওয়েস্ট ইন্ডিজের
একগোলের ব্যবধান ফুটবলে কখনও নিরাপাদ নয়। সাম্প্রতিক অতীতে একাধিকবার এক গোল, দু গোলে এগিয়ে গিয়েও ম্যাচ জিততে পারেনি ইউনাইটেড। গত ম্যাচেও দেখা গিয়েছে এক চিত্র। উলভসের বিরুদ্ধে প্রথমে ২-০ ও পরে ৩-২ গোলে এগিয়ে গিয়েও ব্যবধান ধরে রাখতে পারেনি তারা। তাই দ্বিতীয়ার্ধে বেশ চাপে ছিলেন সমর্থকরা। দ্বিতীয়ার্ধে খেলা শুরুর চার মিনিটের মধ্যে ইউনাইটেডের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন আলেহান্দ্রো গার্নাচো। অনেকটা একক দক্ষতায় বক্সের ডান প্রান্ত থেকে বল জড়িয়ে দেন ওয়েস্ট হ্যামের জালে। খেলার নির্ধারিত সময় শেষ হওয়ার ছ’মিনিট আগে দলের জয় সুনিশ্চিতও করেন আর্জেন্টিনার তরুণ এই উইঙ্গার। এদিন তার জোড়া গোল ও হুইল্যান্ডের গোলের সৌজন্যে বড় জয় পেয়ে মাঠ ছাড়ল রেড ডেভিলরা।


More Stories
ইনিংস ও ৩০০ রানে জয় ভারতের
স্বপ্নের অভিষেক, সুতারে ধরাশায়ী আফগানিস্তান
অভিষেকে মানব যেন মহামানব, আফগানিস্তান বিপাকে