সময় কলকাতা ডেস্ক, ১৫ ফেব্রুয়ারি : নতুন দুই মুখ ভারতীয় টেস্ট একাদশে। প্রত্যাশামতই চলতি ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজের রাজকোটে তৃতীয় টেস্টে ভারতীয় দলে অভিষেক ঘটল উইকেট রক্ষক ধ্রুব জুরেলের। পাশাপাশি সরফরাজ খানের ভারতীয় দলে খেলার স্বপ্ন সফল হয়ে উঠল। রাজকোটে দুই অভিষেককারী ব্যাট হাতে নামার আগেই ভারত বিপাকে।
সিরিজে ভারতীয় দলে নেই বিরাট কোহলি ও মহাম্মদ সামি। দ্বিতীয় টেস্টের মতই তৃতীয় টেস্টের দলেও নেই কে এল রাহুল। রাখা হয় নি শ্রেয়স আয়ারকে । লোয়ার মিডিল অর্ডারে ব্যাট হাতে ভরসা দেওয়া অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে দলের বাইরে থাকতে হচ্ছে রবীন্দ্র জাদেজা ফেরায়। স্বাভাবিকভাবে ভারতীয় ব্যাটিং লাইন আপে রোহিত শর্মা ছাড়া অভিজ্ঞ ব্যাটারের অভাব থাকায় তা কতটা দূর করতে পারেন গিল ও যশস্বী তা যেমন দেখার, একইভাবে গত টেস্টে অভিষেক ঘটানো রজত পতিদার ও ঘরোয়া ক্রিকেটে অসম্ভব সফল সরফরাজ খানের দিকে চোখ থাকছে। উইকেটের পেছনে বা ব্যাট হাতে ধ্রুব জুরেলের কাছে নির্ভরতা আশা করছে টিম ইন্ডিয়া কারণ কোনা ভরতকে সরিয়ে তাঁকে সুযোগ দেওয়া হয়েছে তাঁর প্রতিভার কথা মাথায় রেখে। প্রথম দুটি টেস্ট শেষ হওয়ার পরে দু দলই আগ্রাসী হতে চাইবে কারণ এখনও পর্যন্ত সিরিজে ভারত ও ইংল্যান্ড দলের রয়েছে তুল্যমূল্য ফারাক। ইংল্যান্ড দলেও স্পিনার শোয়েব বসিরের জায়গায় দলে ফিরছেন পেসার মার্ক উড।
রাজকোটে তৃতীয় টেস্টে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত দেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু ইংল্যান্ড দলে প্রত্যাবর্তনকারী মার্ক উডের দাপটে বেকায়দায় পড়ে যায় ভারতীয় দল। খেলা শুরু কয়েক ওভারের মধ্যেই একে একে প্যাভেলিয়নে ফেরেন যশস্বী, গিল ও রজত পতিদার। যশস্বী করেন ১০ রান, পতিদারের সংগ্রহ ৫ রান। শেষ ইনিংসে সেঞ্চুরি করা গিল আবার ব্যর্থতার সরণীতে ফেরেন। ৯ বল খেলে শূন্য রানে আউট হয়ে যান গিল। ৩৩ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় ভারত। চতুর্থ উইকেটে রোহিত শর্মার সঙ্গে ইনিংস মেরামতির কাজে যোগ দেন রবীন্দ্র জাদেজা। মধ্যাহ্ন ভোজের বিরতির আগে তাঁরা অবিচ্ছিন্নভাবে ৬০ রান যোগ করেন। প্রাথমিক জড়তা কাটিয়ে রোহিত শর্মা অর্ধশতরান করেন। মধ্যাহ্ন ভোজের বিরতির আগে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৯৩ রান।
আরও পড়ুন গোয়ার মাটিতে গোয়াকে মাটি ধরিয়ে জয় মোহনবাগানের


More Stories
ইনিংস ও ৩০০ রানে জয় ভারতের
স্বপ্নের অভিষেক, সুতারে ধরাশায়ী আফগানিস্তান
অভিষেকে মানব যেন মহামানব, আফগানিস্তান বিপাকে