Home » Yashasvi Jaiswal: বাজবলের বিরুদ্ধে রাজকোটে যশবল, দ্বিশতরান করে নয়া নজির যশস্বীর

Yashasvi Jaiswal: বাজবলের বিরুদ্ধে রাজকোটে যশবল, দ্বিশতরান করে নয়া নজির যশস্বীর

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৮ ফেব্রুয়ারি: রাজকোটে (RAJKOT) নিজের ব্যাটিং রাজত্ব কায়েম করলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। ইংরেজদের বিরুদ্ধে তৃতীয় টেস্টেও দ্বিশতরান এল ২২ বছরের তরুণ ক্রিকেটারের ব্যাট থেকে। দ্বিতীয় টেস্টেও দ্বিশতরান করেছিলেন তিনি। যদিও টেস্টের তৃতীয় দিন শতরান পূর্ণ করার পর ব্যাকস্প্যাজম বা পিঠে টান লাগায় মাঠ ছাড়তে হয় যশস্বীকে। চতুর্থ দিন চোট সারিয়ে ২২ গজে ফিরলেন স্বমহিমায়। ২৩১ বলে পূর্ণ করলেন দ্বিশতরান।

তিনি লম্বা রেসের ঘোড়া। প্রতি ম্যাচে প্রমাণ করছেন যশস্বী জয়সওয়াল। বিশাখাপত্তনমে তার ব্যাট থেকে এসেছিল দ্বিশতরান। ভারতের ম্যাচ জয়ে খুব কার্যকরী ভূমিকা পালন করেছিল তার সেই ইনিংস। রাজকোটে ফের ধ্বংসাত্মক মেজাজে পাওয়া গেল ভারতের তরুণ ওপেনারকে। প্রথম ইনিংসে রান না পেলেও দ্বিতীয় ইনিংসে দ্বিশতরান করলেন যশস্বী। শনিবার ব্যক্তিগত শতরান পূর্ণ করার পর বেশি ক্ষণ ব্যাট করতে পারেননি যশস্বী। পিঠে টান লাগায় বাধ্য হয়ে পিচ ছাড়তে হয়। রবিবার শুভমন গিল আউট হওয়ার পর আবার ব্যাট হাতে নামেন।শনিবার যেখানে শেষ করেছিলেন, রবিবার সেখান থেকে শুরু করলেন ভারতের ভাবি তারকা। রাজকোটে পিচ ব্যাটিং সহায়ক পিচে ইংল্যান্ডের বোলারদের নিয়ে ছেলেখেলা করলেন তিনি। অভিজ্ঞ জিমি অ্যান্ডারসন থেকে নবাগত রেহান আহমেদ তার ব্যাটিং ক্ষিপ্রতার সঙ্গে পেরে উঠতে পারলেন না কোনও ইংরেজ বোলার। অ্যান্ডারসনের এক ওভারে পরপর তিন বলে হাঁকালেন তিনটি ছক্কা। শেষ পর্যন্ত ২১৪ রানে অপরাজিত থাকেন যশস্বী। যা টেস্ট ক্রিকেটে তাঁর সর্বোচ্চ রানের ইনিংস। পাশাপাশি বিনোদ কাম্বলি ও বিরাট কোহলির পর তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে পর পর দুই টেস্টে দ্বিশত রানের মালিক হলেন।

আরও পড়ুন: Mohun Bagan: নর্থইস্ট ইউনাইটেডকে হারিয়ে আইএসএলে কত নম্বরে উঠে এল মোহনবাগান?

কম বয়সে টেস্টে দুটি দ্বিশত রান করা ক্রিকেটারদের তালিকায় তিন নম্বরে থাকলেন ভারতের যশস্বী। এই তালিকায় এক নম্বরে রয়েছেন বিনোদ কাম্বলি। যিনি টেস্টে দু’টি দ্বিশতরানের মালিক হয়েছিলেন ২১ বছর ৫৪ দিন বয়সে।তার আগে সেই রেকর্ডের মালিক ছিলেন কিংবদন্তী ডন ব্র্যাডম্যান। ২১ বছর ৩১৮ দিনে টেস্টে দু’টি দ্বিশতরান এসেছিল তার ব্যাট থেকে। তার পর তালিকায় নাম ছিল গ্রেম স্মিথের। ২২ বছর ১৭৩ দিনে দু’টি টেস্ট দ্বিশতরান করেছিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক। রাজকোটে যখন দ্বিশতরান করলেন যশস্বী, তখন তার বয়স ২২ বছর ৪৯ দিন। ফলে গ্রেম স্মিথকে টপকে এই তালিকায় তৃতীয় স্থানে উঠে এলেন তিনি।

এছাড়াও আরও একটি রেকর্ড স্পর্শ করেছেন ভারতীয় ওপেনার। এক টেস্টে এক ইনিংসে ব্যক্তিগত সর্বাধিক ছয়ের রেকর্ড ছিল পাকিস্তানের ওয়াসিম আক্রমের। তিনি ১৯৯৫ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে এক টেস্টে মেরেছিলেন ১২ টি ছয়। রাজকোটে যশস্বীও ১২ টি ছয় মেরে ওই রেকর্ড স্পর্শ করেছেন।

About Post Author