Home » ISL 2023-24: Mohun Bagan: সাত গোলের থ্রিলার, কেরালা থেকে ৩ পয়েন্ট নিয়ে ফিরছে মোহনবাগান

ISL 2023-24: Mohun Bagan: সাত গোলের থ্রিলার, কেরালা থেকে ৩ পয়েন্ট নিয়ে ফিরছে মোহনবাগান

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৪ মার্চ: আইএসএল শিল্ড জয়ের পথে আরও একধাপ এগোল মোহনবাগান। পাশাপাশি ডার্বির পরের ম্যাচ জিতে কেরালা থেকে ৩ পয়েন্ট নিয়ে ফিরছে সবুজ মেরুণ ব্রিগেড। বুধবার কেরালা ব্লাস্টার্সকে তাদের ঘরের মাঠে হারিয়ে দিয়েছে আন্তোনিও লোপেজ হাবাসের ছেলেরা। সাত গোলের রুদ্ধশ্বাস ম্যাচে মোহনবাগান জয় পেয়েছে ৪-৩ গোলে।কলকাতার ক্লাবের হয়ে জোড়া গোল করলেন তারকা বিদেশী আর্মান্দো সাদিকু।

আইএসএল চ্যাম্পিয়নের খেতাব এলেও, আইএসএল শিল্ড কখনও কলকাতায় আসেনি। এই মরশুমে সেই খরা কাটাতে মরিয়া মোহনবাগান। ডা্র্বি জয়ের দু’দিন পর মাঠে নামতে হয়েছিল সবুজ মেরুন শিবিরকে। প্রতিপক্ষ কেরালার মাঠের কেরালা ব্লাস্টার্স।যেই দলে আবার রয়েছেন মোহনবাগানের দুই প্রাক্তনী প্রীতম কোটাল ও প্রবীর দাস। ফলে কাজটা সহজ ছিল না মোহনবাগানের কাছে। তবে এটা তো আন্তোনিও লোপেজ হাবাসের ছোঁয়ায় বদলে যাওয়া দল। খেলা শুরুর ৪ মিনিটের মধ্যে কথাটি টের পাইয়ে দিলেন আর্মান্দো সাদিকু। জুয়ান ফেরান্দোর জমানায় প্রায় বাতিলের খাতায় চলে গিয়েছিলেন। বিস্তর সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। তবে তিনি যে জাত ফুটবলার এদিন প্রমাণ করলেন প্রাক্তন ইউরো কাপার।কেরালার এক ডিফেন্ডারকে বোকা বানিয়ে বল জড়িয়ে দিলেন জালে। বিরতিতে যাওয়ার সময় ওই গোলেই এগিয়ে ছিল মোহন শিবির।

আরও পড়ুন: রঞ্জি চ্যাম্পিয়ন মুম্বাই : ৪১ টপকে লক্ষ্য ৪২

দ্বিতীয়ার্ধের শুরুতে খেলায় ফেরে স্বাগতিকরা। ৫৪ মিনিটে অনবদ্য ফিনিশিংয়ে দলের হয়ে সমতা ফেরান ভিবিন মোহানান। ৬০ মিনিটের মাথায় আবার জ্বলে ওঠেন আর্মান্দো সাদিকু। পেত্রাতোসের ফ্রি-কিক থেকে নেওয়া শট হেড করে সাদিকুর কাছে পাঠান এক মোহনবাগান ফুটবলার। মাথা দিয়ে সেই বল নামিয়ে ড্রপ শট নিয়ে বল জালে জড়িয়ে দেন তিনি। আরও একবার এগিয়ে যায় মোহনবাগান। সেই ব্যবধানও বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। কেরালাকে ম্যাচে ফেরান দিমিত্রিয়াস দিয়ামান্টাকোস।প্রতি আক্রমণে গোল করেন তিনি। পরের আট মিনিট খেলার ফল ছিল ২-২। তার পরে আবার এগিয়ে যায় মোহনবাগান। কর্নার থেকে আসা বলে হেড করে দলকে এগিয়ে দেন দীপক টাঙরি। ১৪ মিনিটের মধ্যে চার গোলের সাক্ষী থাকল জওহরলাল নেহরু স্টেডিয়ামে ম্যাচ দেখতে যাওয়া হাজার হাজার সমর্থক।যদিও গোল বর্ষণ তখনও থামেনি। ৯০ মিনিটের পর সংযুক্ত সময়ে আবার কেরালার জালে বল জড়ায় মোহনবাগান। গোল করেন পরিবর্ত হিসেবে নামা জেসন কামিংস। খেলা শেষের বাঁশি বাজার কয়েক সেকেন্ড আগে একটি গোল শোধ করে কেরালার দিমিত্রিয়াস। সাত গোলের থ্রিলার ম্যাচে ৪-৩ গোলে জিতে মাঠ ছাড়ে মোহনবাগান।

ম্যাচ জিতলেও লিগ তালিকার দ্বিতীয় স্থানে মোহনবাগান। তাদের ১৮ ম্যাচে সংগ্রহ ৩৯ পয়েন্ট। ১৯ ম্যাচে ৩৯ পয়েন্ট পেয়ে প্রথম স্থানে রয়েছে মুম্বই সিটি এফসি। গোল পার্থক্যে এগিয় রয়েছে তারা। ১৮ ম্যাচে ৩৫ পয়েন্ট পেয়ে তিন নম্বরে ওড়িশা। সমসংখ্যক ম্যাচে ৩৩ পয়েন্ট পেয়ে চারে গোয়া। এই চার দল এই মরশুমে প্লে-অফে জায়গা পাকা করে ফেলেছে।  

About Post Author