Home » UEFA Champions League: চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদ ও বরুসিয়া ডর্টমুন্ড

UEFA Champions League: চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদ ও বরুসিয়া ডর্টমুন্ড

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৪ মার্চ: চ্যাম্পিয়ন্স লিগে দুরন্ত প্রত্যাবর্তন স্পেনের অ্যাটলেটিকো মাদ্রিদের। শেষ ষোলোর ম্যাচে ঘরের মাঠে ইতালির ক্লাব ইন্টার মিলানকে হারিয়ে দিল দিয়েগো সিমিওনের ছেলেরা। পিছিয়ে থেকেও পেনাল্টি শ্যুটআউটে জয় ছিনিয়ে নিয়েছে তারা।এই জয়ের ফলে কোয়ার্টার ফাইনালে অ্যাটলেটিকো নিজেদের জায়গা পাকা করে ফেলল। শেষ ষোলোর অন্য একটি ম্যাচে জয় পেয়েছে জার্মানির ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড। নেদারল্যান্ডসের ক্লাব পিএসভি আইন্দোভেনকে হারিয়েছে তারা।

শেষ ষোলোর প্রথম পর্বের ম্যাচে ইটালিতে গিয়ে ০-১ হেরে এসেছিল অ্যাটলেটিকো। বুধবার ঘরের মাঠে নামার আগে কিছুটা চাপে ছিল স্পেনের ক্লাবটি। তার মধ্যে ম্যাচের ৩৩ মিনিটে পিছিয়ে পড়ে সিমিওনে বাহিনী। গোল করে ইন্টার মিলানকে এগিয়ে দেন ফেডরিকো দিমার্কো। দুই পর্ব মিলিয়ে ব্যবধান দাঁড়ায় ০-২। সেখান থেকে প্রত্যাবর্তন করে অ্যাটলেটিকো। ৩৫ মিনিটের মাথায় একটি গোল শোধ করে তারা। গোল করেন ফরাসি তারকা আন্তোনিও গ্রিজম্যান।দ্বিতীয়ার্ধের ৮৭ মিনিট পর্যন্ত ১-২ গোলে পিছিয়ে ছিল মাদ্রিদের ক্লাবটি। তবে সেই ব্যবধান মুছে দেন মেম্ফিস ডিপে। দুই পর্ব মিলিয়ে খেলার ফল দাঁড়ায় ২-২। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে দুই দলের তুল্যমূল্য লড়াই হয়। দুটি দলই গোলের সুযোগ তৈরি করে। তবে বিপক্ষের শক্তিশালী রক্ষণে দাঁত ফোটাতে পারেনি কোনও দল। খেলা গড়ায় পেনাল্টি শ্যুটআউটে।

সেখানে বাজিমাৎ করে স্পেনের ক্লাবটি। তাদের অভিজ্ঞ গোলরক্ষক ওবলাক বিপক্ষের দুটি পেনাল্টি বাঁচিয়ে দেন। আলেক্সিস সাঞ্চেস এবং ডেভি ক্লাসেনের শট রুখে দেন তিনি। অন্যদিকে ইন্টার গোলরক্ষক বাঁচিয়ে দেন অ্যাটলেটিকোর সাউল নিগুয়েজ়ের শট। ইন্টারকে ম্যাচে টিকে থাকতে শেষ শটে গোল করতেই হত লাউতারো মার্তিনেসকে। কিন্তু আর্জেন্টিনার বিশ্বজয়ী দলের সদস্যের শট উড়ে যায় বারের উপর দিয়ে। ৩-২ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেন দিয়েগো সিমিওনেরা।

আরও পড়ুন: ISL 2023-24: Mohun Bagan: সাত গোলের থ্রিলার, কেরালা থেকে ৩ পয়েন্ট নিয়ে ফিরছে মোহনবাগান 

অন্যদিকে, ঘরের মাটিতে জয় পেয়েছে বরুসিয়া ডর্টমুন্ডও। পিএসভি আইন্দোভেনকে তারা হারিয়ে দিয়েছে ২-০ গোলে। তাদের মধ্যে প্রথম পর্বের খেলা শেষ হয়েছিল ১-১ গোলে। ফলে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করতে জয় ছাড়া গতি ছিল না দুটি দলের কাছেই।এই পরিস্থিতিতে শেষ হাসি হাসল জার্মান ক্লাবটি। খেলা শুরু মাত্র তিন মিনিটের মধ্যে গোল করে দলকে এগিয়ে দেন জেডন স্যাঞ্চো।দ্বিতীয়ার্ধের সংযুক্তি সময়ে সেই ব্যবধান দ্বিগুণ করেন মার্কো রয়েস। বল দখল থেকে শুরু করে বিপক্ষের গোলে শট নেওয়ার ক্ষেত্রে প্রাধান্য রাখলেও, গোলের খাতা খুলতে পারেনি পিএসভি।

About Post Author