সময় কলকাতা ডেস্ক, ৪ এপ্রিলঃ ইডির উপর হামলার ঘটনায় এবার তৃণমূলের বুথ সভাপতিকে তলব করল সিবিআই। জানা গিয়েছে, হাটগাছি ৬৪ নম্বর বুথের সভাপতি আকবর মোল্লাকে তলব করা হয়েছে। এছাড়াও হাটগাছি এলাকার আরও এক তৃণমূল কর্মী আব্দুল মতিন শেখকে তলব করেছে সিবিআই। ইতিমধ্যেই বসিরহাট আদালতে সিবিআইয়ের আইনজীবী দাবি করেছেন, শাহজাহানের নির্দেশেই গত ৫ জানুয়ারি ইডি আধিকারিকদের উপর হামলা চালানো হয়েছিল। তিনি বাড়ির পাশ থেকে ফোন করে ‘অনুগামী’-দের জড়ো হতে বলেছিলেন।
প্রসঙ্গত, ইডি আধিকারিকদের উপর হামলার অভিযোগে গত মাসেই শাহজাহানকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। বর্তমানে সিবিআই হেফাজতে সন্দেশখালির বেতাজ বাদশা। ইতিমধ্যেই শেখ শাহজাহানের (Shahjahan Sheikh) দুটি বিলাসবহুল গাড়ির হদিশ পেয়েছে ইডি। সূত্রের খবর, এক ঘনিষ্ঠের গোডাউনের লুকিয়ে রাখা হয়েছিল এই গাড়ি। দু’সপ্তাহ আগেই ইডি আধিকারিকরা সরবেড়িয়ার একাধিক জায়গায় হানা দেয়। সেইসঙ্গে শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূলের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মোসলেম শেখের বাড়িতেও হানা দেয় ইডি। তাঁর গোডাউনেই শাহজাহানের একাধিক বিলাসবহুল গাড়ির হদিশ পাওয়া গিয়েছে। যা দেখে রীতিমতো চক্ষু চড়কগাছ ইডি আধিকারিকদের। জানা গিয়েছে, ওই গাড়িগুলো লোক করা ছিল। লোক খোলার জন্য মেকানিক ডাকা হয় ইডির তরফে। এরপর লক ভেঙে গাড়ি দুটিকে বাজেয়াপ্ত করে নিয়ে যাওয়া হয় কলকাতায়।
গত ২৯ মার্চ ইডির উপর হামলার ঘটনায় সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শেখ শাহজাহানকে ১২ দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বসিরহাট মহকুমা আদালত। শাহজাহানের নির্দেশেই গত ৫ জানুয়ারি ইডি আধিকারিকদের উপর হামলা চালানো হয়েছিল। তিনি বাড়ির পাশ থেকে ফোন করে ‘অনুগামী’-দের জড়ো হতে বলেছিলেন। বৃহস্পতিবার বসিরহাট আদালতে এমনটাই দাবি করেছেন সিবিআইয়ের আইনজীবী। অন্য একটি মামলায় এদিন শাহজাহানকে পাঁচ দিনের জন্য জেল হেফাজতে পাঠানো হয়। শাহজাহানের সঙ্গে এদিন সুকোমল সর্দার এবং মেহেবুর মোল্লাকেও হাজির করানো হয়েছিল আদালতে। তাঁদেরও ১২ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বসিরহাটের মহকুমা আদালত। অন্যদিকে, শাহজাহান ‘ঘনিষ্ঠ’ অজিত মাইতিকে আরও পাঁচ দিনের জন্য হেফাজতে নিয়েছিল সন্দেশখালি থানার পুলিশ। গত ২ এপ্রিল তাঁকে বসিরহাট মহাকুমা আদালতে হাজির করানো হয়।
#CBI
#ED
#রেশনদুর্নীতিমামলা
#SheikhShahjahan


More Stories
রথীন ঘোষ ফিরলেন ইডি দফতর থেকে
গ্রেফতার সুজিত বসু
আই-প্যাকের ডিরেক্টর ভিনেশ চান্দেলকে গ্রেফতার করল ইডি