সময় কলকাতা ডেস্ক, ৪ এপ্রিলঃ নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত যত এগোচ্ছে ততই যেন ঘনীভূত হচ্ছে রহস্য। নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের পর এবার ইডির হাতে গ্রেফতার এসএসসির প্রাক্তন চেয়ারম্যান এসপি সিনহা। জানা গিয়েছে, আগামী সোমবার পর্যন্ত ইডির হেফাজতে থাকতে হবে তাঁকে। উল্লেখ্য, একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের হাতে প্রথম গ্রেফতার হন এসপি সিনহা ওরফে শান্তিপ্রসাদ সিনহা। তিনি এসএসসির উপদেষ্টা কমিটির চেয়ারম্যান ছিল। এই উপদেষ্টা কমিটি নিয়োগ দুর্নীতির জন্য করা হয়েছিল। অভিযোগ, এজেন্ট, সাব এজেন্টরা যা টাকা তুলতেন তার সিংহভাগ যেত এসপি সিনহার কাছে। সূত্রের খবর, সেই টাকার বিনিময়ে প্রচুর সম্পত্তি কিনেছিলেন তিনি। এতদিন জেলে ছিলেন সিনহা। সেই সময় তাঁর বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ ও প্রচুর সোনার গয়না বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা। সূত্রের খবর, নিয়োগ দুর্নীতিতে ধৃত এসপি সিনহাকে সম্পত্তি সংক্রান্ত তথ্যের খোঁজে নিজেদের হেফাজতে নিয়ে জেরার আবেদন জানায় ইডি। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই শেষমেশ এসপি সিনহাকে নিজেদের হেফাজতে পেল ইডি।
এর আগে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে গত মার্চ মাসেই কলকাতা সহ রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে ইডি। ওইসময় অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বোলপুরের বিধায়ক তথা রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহার বোলপুরের বাড়িতে যান ইডি আধিকারিকরা। সূত্রের খবর, গরুপাচার ও নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের স্বার্থেই এই হানা। দীর্ঘদিন ধরেই গরুপাচার ও নিয়োগ দুর্নীতি মামলায় উঠে আসছিল রাজ্যের এই মন্ত্রীর নাম। ২ বার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁকে তলবও করে। তিনি হাজিরাও দিয়েছিলেন বলে খবর। এরপর গত শুক্রবার সকাল সাড়ে আটটা নাগাদ বেশ কয়েকটি গাড়িতে ইডি আধিকারিকরা পৌঁছে যান চন্দ্রনাথ সিনহার নিচুপট্টি এলাকার বাড়িতে।
কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে ফেলেন গোটা বাড়ি। তবে, মন্ত্রী বাড়িতে ছিলেন না। তিনি ছিলেন মুরারইয়ের গ্রামের বাড়িতে। ইডির তরফ থেকে তাঁকে সকালেই বাড়ি ফিরে আসতে বলা হয়। এরপর তাঁর বাড়িতে ১৪ ঘণ্টার ইডির তল্লাশি অভিযানের পর মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে ৪১ লক্ষ টাকা। তবে ওই বিপুল পরিমাণ টাকা মন্ত্রীর বাড়িতে কীভাবে এল, তা এখনও স্পষ্ট নয়। এদিকে, মন্ত্রীর মোবাইলটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। কিছু জমির দলিলও তদন্তের স্বার্থে বাজেয়াপ্ত করা হয়েছিল। ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতির তদন্তে রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহার যোগ থাকার তথ্য উঠে এসেছে। নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই গ্রেপ্তার কুন্তল ঘোষের কাছে পাওয়া ডায়েরিতে একশো জনের বেশি নাম রয়েছে। তার মধ্যেই রয়েছে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম।
#SPSinha
#latestbengalinews
#নিয়োগদুর্নীতিমামলা


More Stories
রথীন ঘোষ ফিরলেন ইডি দফতর থেকে
গ্রেফতার সুজিত বসু
আই-প্যাকের ডিরেক্টর ভিনেশ চান্দেলকে গ্রেফতার করল ইডি