Home » Indian National Football Team: বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা রয়েছে, জাতীয় দল থেকে নাম তুলে নিলেন তারকা মিডফিল্ডার

Indian National Football Team: বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা রয়েছে, জাতীয় দল থেকে নাম তুলে নিলেন তারকা মিডফিল্ডার

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১০ মে: তিনি ছিলেন মুম্বই সিটি FC দলের মাঝমাঠের অন্যতম ভরসার পাত্র। প্রায় প্রতিটি ম্যাচেই নিয়ম করে সতীর্থ খেলোয়াড়দের উদ্দেশ্যে বাড়াতেন নিখুঁত ঠিকানা লেখা পাস। ISL ফাইনালেও ছিল নজর কাড়া পারফরম্যান্স। তিনি লালেংমাওইয়া রালতে (Lalengmawia Ralte)। সতীর্থদের কাছে ‘অপুয়া’ নামে পরিচিত। ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে জাতীয় দলে সুযোগ পেয়েও তার খেলা অনিশ্চিত।

খেলার সঙ্গে পড়াশুনাটাও চালিয়ে যাচ্ছেন মিজোরামের ২৩ বছরের এই ফুটবলার। জানা গিয়েছে সামনেই তাঁর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। তাই পরীক্ষার প্রস্তুতিতে কোনওরকম ফাঁকি মারতে চাননা মুম্বই সিটি এফসির মিডফিল্ড জেনারেল। আর ঠিক এই কারণেই জাতীয় দল থেকে ২ ম্যাচের জন্য নিজের নাম সরিয়ে নিতে চাইছেন লালেংমাওইয়া রালতে । আগামী ৬ ও ১৪ তারিখে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের দুটি ম্যাচ রয়েছে ভারতের। কাতার ও কুয়েতের বিরুদ্ধে খেলতে হবে ইগর স্টিমাচের দলকে। আর এই দুটি ম্যাচেই রালতে খেলবেন না বলে জানিয়েছেন জাতীয় দলের কোচ ও কর্মীদের। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে,“রালতে নিজে ভারতীয় দলের কোচ ও সাপোর্ট স্টাফদের আবেদন জানিয়েছেন যে তাঁকে যাতে আসন্ন ম্যাচের জন্য দলে না রাখা হয়।”

পারিবারিক সমস্যার কারণে আগেই নাম প্রত্যাহার করেছেন ভারতীয় ফুটবলের স্টারবয় সুনীল ছেত্রী। পাশাপাশি চোটের কারণে দল পাবে না আকাশ মিশ্র, মোহাম্মদ ইয়াসের ও রাহুল কেপির মতো গুরুত্বপূর্ণ ফুটবলারদের। আগামী ১০ তারিখ ভুবনেশ্বরে অনুষ্ঠিত প্রস্তুতি শিবিরে তাঁরা থাকছেন না বলেই খবর। এর মধ্যে রালতের অনুপস্থিতিতে যথেষ্ট চিন্তায় ভারতীয় কোচ ইগর স্টিমাচ। তবে অফিসিয়ালি এখনই এব্যাপারে কিছু জানাননি রালতে। জানা গিয়েছে প্রয়োজনে রালতের সঙ্গে কথা বলবেন কোচ ইগর স্টিমাচ।

আরও পড়ুন: East Bengal: ইমামীর সঙ্গে বৈঠক ইস্টবেঙ্গল কর্তাদের, আগামী মরশুমের দলগঠন নিয়ে বড় ইঙ্গিত দিলেন দেবব্রত সরকার

দেশের জার্সিতে এখনও পর্যন্ত ১৮টি ম্যাচ খেলে ফেলেছেন রালতে। সদ্য শেষ হওয়া মরশুমে ক্লাব মুম্বই সিটি এফসির বিরুদ্ধে দুরন্ত ফুটবল খেলেছেন। আইএসএলে দলের মাঝমাঠ সামলিয়েছেন নিজের কাঁধে। নিখুঁত পাস বাড়িয়েছেন ৮৫ শতাংশ। দলের হয়ে ১৭ বার গোলের সুযোগ তৈরি করেছেন। ফাইনাল ম্যাচে মোহনবাগান সুপারজায়ান্টসের তারকা সমৃদ্ধ মাঝমাঠকে রুখে দিয়েছেন এই মিজো ফুটবলার। ফাইনালে ম্যাচের সেরার পুরস্কারও জিতেছেন রালতে।

About Post Author