সময় কলকাতা ডেস্ক, ২৫ মেঃ ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘রেমাল’। এই মুহূর্তে তা গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। যার জেরে একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই মৌসম ভবনের তরফে সতর্কতা জারি করা হয়েছে। রবিবার প্রবল গতি নিয়ে আছড়ে পড়ার সম্ভাবনা সাইক্লোন রিমেলের। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলে রবিবার গভীর রাতে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা। পরিস্থিতি সামাল দিতে তৎপর নবান্ন। শনিবার থেকেই উপকূলবর্তী জেলাগুলিতে এর প্রভাব পড়তে শুরু করেছে। যদিও উপকূলবর্তী এলাকায় এর সবথেকে বেশি প্রভাব পড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
শনিবার সকাল থেকেই দিঘায় রিমেলের প্রভাবে চলছে প্রবল জলোচ্ছ্বাস। সকাল থেকেই বড় ঢেউ আছড়ে পড়ছে দিঘা উপকূলে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে, পর্যটকদের গতিবিধি নিয়ন্ত্রণেরও পরামর্শ দিয়েছে হাওয়া অফিস।
জানা গিয়েছে, রিমেলের প্রভাবে শনিবার বিকেল থেকেই বৃষ্টিপাত শুরু হতে পারে। রবিবার মাঝ রাতে সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মাঝে এই সাইক্লোন আছড়ে পড়তে পারে বলে জানা যাচ্ছে। সেই সময় এই সাইক্লোনটির গতিবেগ হতে পারে সর্বোচ্চ ঘণ্টায় ১৩০ কিলোমিটার।হাওয়া বইতে পারে ১৩৫ কিলোমিটার বেগে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি বর্তমানে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থার করছে। ক্যানিং থেকে ৫৩০ কিলোমিটার দক্ষিণ পূর্ব এবং সাগরদ্বীপ থেকে ৩৮০ কিলোমিটার দূরে অবস্থান করছে নিম্নচাপটি। গভীর নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর দিকে সরবে বলেই খবর।
হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় প্রচুর বৃষ্টি হবে। সেইসঙ্গে ৯০ থেকে ১০০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিকে, অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, কলকাতায়। ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করা হয়েছে। ২৭ তারিখ দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদহ, দক্ষিণ দিনাজপুরে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আর ভারী বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুরে। বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
#ঘূর্ণিঝড় ‘রেমাল’
#cyclone’Remal’
# Latestbengalinews
#weatherreport
#weatherupdate


More Stories
টিম ইন্ডিয়ার আগুন ধুয়ে দিল ক্যানবেরার বৃষ্টি
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে