Home » T20 World Cup 2024: রুদ্ধশ্বাস ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

T20 World Cup 2024: রুদ্ধশ্বাস ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৮ জুনঃ রুদ্ধশ্বাস জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের । শুক্রবার ডি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে দিল তারা। প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৫ রান তোলে লঙ্কা শিবির। বাংলাদেশ সেই রান ৮ উইকেট হারিয়ে ৬ বল বাকি থাকতে তুলে নেয়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে  নিজেদের প্রথম ম্যাচে শোচনীয় হারের পর দ্বিতীয় ম্যাচেও মুখ থুবড়ে পড়ল শ্রীলঙ্কা।

আমেরিকার টেক্সাসের মাঠে টসে জিতে শ্রীলঙ্কাকে প্রথমে ব্যাট করতে পাঠান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাঁর লক্ষ্য ছিল কম রানের মধ্যে শ্রীলঙ্কাকে আটকে রাখা। সেই কাজে সফল হলেন বাংলাদেশের বোলাররা। মুস্তাফিজুরদের দাপটে বড় রান করতে পারেনি শ্রীলঙ্কা। তাদের হয়ে সর্বাধিক রান করেন পাথুম নিশঙ্কা। ২৮ বলে ৪৭ রানের অনবদ্য ইনিংস খেলেন লঙ্কার ওপেনার। ৭ টি চার ও ১ টি ছয় আসে তার ব্যাট থেকে। ধনঞ্জয় ডিসিলভা ২৬ বলে ২১ রান করেন। চরিথ আশালঙ্ক ২১ বলে ১৯ রান করেন। মূলত এই তিন ব্যাটারের রানের উপর নির্ভর করে ১০০ রানের গণ্ডি পেরোয় শ্রীলঙ্কা।বেঙ্গল টাইগারদের হয়ে তিনটি করে উইকেট নিলেন মুস্তাফিজুর রহমন ও রিশাদ হোসেইন। চার ওভারে মাত্র ১৭ রান হজম করেন মুস্তাফিজুর। রিশাদ দেন মাত্র ২২ রান। তাসকিন আহমেদ ২ উইকেট পেয়েছেন।

আরও পড়ুনঃ Euro 2024: আসন্ন ইউরো কাপের দল ঘোষণা ইংল্যান্ডের, দলে সুযোগ পেলেন না তিন তারকা ফুটবলার

আরও পড়ুনঃ Optical Illusion: ৩৫ সেকেন্ডের মধ্যে নিচের ছবি দুটি থেকে ৩ টি পার্থক্য খুঁজে বার করতে পারবেন?

মাত্র ১২৬ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ। প্রথমে মনে হয়েছিল সাবলীলভাবে ম্যাচ জিতে নেবে বাংলাদেশ। কিন্তু শুরু থেকে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। বিশ্বকাপ শুরু হওয়ার আগে বাংলাদেশ শিবিরের চিন্তা ছিল ব্যাটিং নিয়ে। এদিনও দলের দুই ওপেনার তানজিদ হাসান এবং সৌম্য সরকার রান পাননি। অধিনায়ক নাজমুল হাসান শান্ত করেন মাত্র ৭ রান। তবে লিটন দাস এবং তোহিদ হৃদয় দলকে নির্ভরতা দেন। তাঁদের ৬৩ রানের জুটি হারতে বসা ম্যাচে বাংলাদেশকে অক্সিজেন জোগায়। ৩৮ বলে ৩৬ রান করেন লিটন। হৃদয়ের ২০ বলে ৪০ রানের ইনিংসটি ম্যাচেস ফারাক গড়ে দেয়। এছাড়া ১৩ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন মাহমাদুল্লাহ। শ্রীলঙ্কার পেসার নুয়ান থুসারা ৪ উইকেট নিয়ে দলকে খেলায় টিকিয়ে রেখেছিলেন। কিন্তু শেষরক্ষা হয়নি। শেষ পর্যন্ত বাংলাদেশকে ম্যাচ জেতান মাহমুদুল্লা।

About Post Author