সময় কলকাতা ডেস্ক, ২৪ জুনঃ বর্ষার তাণ্ডবলীলায় বিপর্যস্ত সিকিম। বিপর্যয় যেন কিছুতেই পিছু ছাড়ছে না সিকিমের। মেঘভাঙা বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত সিকিম। ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে তিস্তায় তৈরি হয়েছে হরপা বান। ইতিমধ্যেই সিকিমের একাধিক জায়গায় ধস নেমেছে। প্রবল বৃষ্টি ও ভূমি ধসের জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে সিকিমের বিস্তীর্ণ এলাকা। তার মধ্যে উত্তর সিকিমের অবস্থা ভয়াবহ। ভূমি ধসের জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তর সিকিমের বিস্তীর্ণ এলাকা। উত্তর সিকিমে একাধিক সেতুও ভেঙে গিয়েছে। প্রবল জলস্রোতের মধ্যে প্রশাসনের তরফে আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে পরিস্থিতি স্বাভাবিক করার। ইতিমধ্যেই সেতুগুলি মেরামতির দায়িত্ব নিয়েছেন ভারতীয় সেনার ইঞ্জিনিয়াররা। রবিবার ভাইরাল হয়েছে ভারতীয় সেনার তরফে প্রকাশ করা একটি ভিডিও। যা দেখে ভারতীয় সেনা জওয়ানদের কুর্নিশ জানাচ্ছেন নেটিজেনরা। ভিডিওটিতে দেখা যাচ্ছে , প্রবল জলস্রোত বয়ে যাচ্ছে একটি পাহাড়ি নদী দিয়ে। আর তারপর উপর নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে ১৫০ ফুট উঁচুতে ঝুলন্ত ব্রিজ তৈরি করছেন দুই সেনা জওয়ান।
কার্যত দুটি দড়ির ওপর দাঁড়িয়ে সেতুটি ঠিক করছেন দুই অফিসার। আর সেই ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে, প্রবল জলস্রোত ও প্রচণ্ড হাওয়াকে উপেক্ষা করে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে ব্রিজটি তৈরি করেন তাঁরা। প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টির জেরে সিকিমে ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টা ভারী বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে উত্তর সিকিমে। সিকিমের বৃষ্টিতে ডুবতে পারে উত্তরের সমতল। সিকিমে আরও ধস নামতে পারে। তিস্তার পাশাপাশি জল বাড়ছে অন্য নদীগুলিতেও।
তিস্তা বাজারের কাছে কালিম্পং থেকে দার্জিলিং যাওয়ার রাস্তা বিপদজনক হয়ে ওঠায় রাস্তাটি বন্ধ করে দিয়েছে প্রশাসন। ইতিমধ্যেই জলে ডুবেছে বেশ কিছু এলাকা। বিভিন্ন জায়গায় রাস্তার উপর তিস্তার জল চলে এসেছে। ভারী বৃষ্টিপাতের জেরে সিকিমের বাকি এলাকা থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছে মঙ্গন, গেইথাং, নামপাথাং।
#SikkimFloods
#Latestbengalinews
#IndianArmy


More Stories
আবার বাড়ল পেট্রোল, ডিজেলের দাম
সুপ্রিম রায় : বিবাহিতা মহিলাদের বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ টিকবে না
আমাদের চেয়ে ভালো গলা কাটতে কেউ জানেনা, বাংলাদেশকে হুঁশিয়ারি নাগাল্যান্ডের মন্ত্রীর