স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৩০ জুন: আশঙ্কাই সত্যি হল। ইউরো কাপের সুপার সিক্সটিন থেকে বিদায় নিল গতবারের চ্যাম্পিয়ন ইতালি । শনিবার বার্লিনের অলিম্পিয়াস্টেডিয়নে তাদের হারিয়ে দিল সুইজারল্যান্ড । খেলার ফল সুইসদের পক্ষে ২-০। এই জয়ের ফলে প্রথম দল হিসেবে এবারের প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল মুরাত ইয়াকিনের ছেলেরা।

ইউরো কাপের সুপার সিক্সটিনে খেলার ছাড়পত্র পেলেও গ্রুপ পর্বে ইতালির খেলা মন ভরাতে পারেনি সমর্থকদের।গ্রুপ পর্বের তিন ম্যাচে একটি করে জয়, ড্র ও হারের স্বাদ পেতে হয়েছে আজুরি ব্রিগেডকে। অন্যদিকে, এ গ্রুপ থেকে একটিও ম্যাচ না হেরে নক আউট পর্বে নিজেদের জায়গা পাকা করেছিল সুইজারল্যান্ড । ম্যাচের আগে ফুটবল বিশ্লেষকদের একাংশ সুইস শিবিরকে এগিয়ে রেখেছিলেন। তাদের অনুমান সঠিক বলে প্রমাণ হল। বার্লিনে খেলার প্রথমার্ধে একচেটিয়া দাপট দেখল ইয়াকিনের ছেলেরা। বল নিজেদের দখলে রেখে গতি ও শারীরিক ফুটবলে বিপক্ষে চেপে ধরে তারা। গোলের সুযোগও পেয়ে গিয়েছিলেন গ্রানিথ হাকারা। কিন্তু একা হাতে দলের পতন বেশ কয়েকবার আটকে দেন ইতালি গোলরক্ষক জিয়ালুইগি ডোনারুম্মা। ম্যাচের ৩৭ মিনিটে প্রথমবারের জন্য পরাস্ত হতে হয় তাঁকে। গোল করে সুইস বাহিনীকে এগিয়ে দেন রেমো ফ্রেউলার। বাঁ প্রান্ত থেকে বল নিয়ে উঠে মাপা ক্রস পাঠিয়েছিলেন রুবেন ভার্জাস। সেই বল ধরে ঠান্ডা মাথায় ইতালি গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। বিরতির সময় ওই গোলে এগিয়ে ছিল সুইজারল্যান্ড।
দ্বিতীয়ার্ধের শুরুতে আবার ধাক্কা খায় ইতালি। খেলা শুরুর ২৭ সেকেন্ডের মধ্যে গোল করে সুইসদের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন রুবেন ভার্জাস। প্রতিযোগিতার ইতিহাসে বিরতির পর এটি দ্বিতীয় দ্রুততম গোল। অল্পের জন্য রক্ষা পায় রোমানিয়ার মার্সেল কোরাসের রেকর্ড। ১৯৮৪ সালে জার্মানির বিরুদ্ধে মাত্র ২১ সেকেন্ডে গোল করেছিলেন তিনি। খেলার বাকি সময় বলের দখল নিজেদের কাছে রেখেও বিশেষ সুবিধা করতে পারেনি আজুরি বাহিনী। গোল শোধের সুযোগ যদিও পেয়েছিল লুসিয়ানো স্পালেত্তির ছেলেরা। সুইস সেন্টার ব্যাক স্কারের পায়ে লেগে বল পোস্টে লাগে। তারপর ইতালির ফরোয়ার্ড স্ক্যামাক্কারও একটি শট পোস্টে লেগে ফেরে। কিন্তু শেষ পর্যন্ত ২-০ গোলে জিতে মাঠ ছাড়ে সুইজারল্যান্ড। একই সঙ্গে পরপর দুইবার তারা প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে খেলার ছাড়পত্র পেয়ে গেল। আগামী ৬ জুলাই ডাসেলডর্ফে ইংল্যান্ড বনাম স্লোভাকিয়া ম্যাচের বিজয়ী দলের মুখোমুখি হবে সুইস বাহিনী।


More Stories
টুটু বসু প্রয়াত
পাকিস্তানকে ধ্বংস করল বাংলাদেশ
জমে উঠেছে পাকিস্তান বাংলাদেশ টেস্ট