স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৫ জুলাইঃ ক্রীড়া মহলে একটি কথা বেশ চালু রয়েছে। কথাটি হল- ‘এক মরশুমের বিস্ময়’। গতবার উইম্বলডনের ফাইনালে নোভাক জোকোভিচকে হারিয়ে দেওয়ার পর নিন্দুকদের একাংশের তাঁকে নিয়ে এরকমই মতামত তৈরি হয়েছিল। কিন্তু তিনি যে লম্বা রেসের ঘোড়া প্রমাণ দিলেন স্পেনের ২১ বছরের টেনিস খেলোয়াড় কার্লোস আলকারাজ । এবারের উইম্বলডনের ফাইনালে তাঁর সামনে খরকুটোর মতো উড়ে যেতে দেখা গেল বিশ্বের প্রাক্তন এক নম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচকে। সাতবারের উইম্বলডনজয়ীকে স্ট্রেট সেটে হারিয়ে লণ্ডনের ঘাসের কোর্টে নিজের রাজত্ব প্রতিষ্ঠা করে ফেললেন আলকারাজ। খেলার ফল আলকারাজের পক্ষে ৬-২, ৬-২, ৭-৬ (৪)।

রবিবার উইম্বলডনের ফাইনালে আলকারাজকে হারাতে পারলে ২৫ তম গ্র্যান্ডস্লামের মালিক হতে পারতেন নোভাক জোকোভিচ। আটটি উইম্বলডন জিতে ছুঁয়ে ফেলতে পারতেন রজার ফেডেরারকে। অন্যদিক স্পেনের টেনিস তারকার কাছে হাতছানি ছিল টানা দুইবার উইম্বলডন জয়ের। নিজেকে ঘাসের কোর্টে প্রতিষ্ঠিত করার। নিজের ইচ্ছেশক্তির কাছে টেনিস কোর্টের কিংবদন্তীকে হার মানাতে বাধ্য করলেন কার্লোস আলকারেজ। এদিন নিজের চেনা ফর্মের আশে পাশেও দেখা যায়নি জোকোভিচকে। একাধিক ভুল করলেন। হাঁটুতে অস্ত্রোপচার করিয়ে মাঠে নেমে আলকারাজের গতির সঙ্গে পাল্লা দিতে পারলেন না ৩৭ বছরের জোকোভিচ। দমেও বিপক্ষের তরুণ প্রতিদ্বন্দ্বীর কাছে বেশ পিছিয়ে পড়েছিলেন।
প্রথম সেট থেকেই দাপট দেখান আলকারাজ। ৪১ মিনিটের প্রথম সেট ৬-২ ব্যবধানে নিজের নামে করেন স্পেনের টেনিস তারকা। প্রথম গেমেই অভিজ্ঞ জোকোভিচের সার্ভিস ব্রেক করেন আলকারাজ। সেখান থেকে ষষ্ঠ গেম পর্যন্ত সার্বিয়ান তারকাকে ম্যাচে ফেরার সুযোগই দেননি। ৫-১ গেমে এগিয়ে যান আলকারাজ। শেষ পর্যন্ত ৬-২ গেমে সেট জিতে নেন তিনি। দ্বিতীয় সেটে নিজের দাপট অক্ষুন্ন রাখেন স্পেনের তারকা। আবারও সার্বিয়ান তারকার সার্ভিস ভেঙে দেন। দ্বিতীয় গেমে দুবার ডাবল ফল্ট করলেও গেমে তার প্রভাব পড়তে দেননি। বেস লাইন থেকে ড্রপ শট খেলে বিপক্ষকে চাপে রেখেছিলেন। পঞ্চম গেমে নিজের সার্ভিস ধরে রাখেন জোকোভিচ। কিন্তু বিপক্ষের সার্ভিস তিনি ভাঙতে পারেননি। ৪-২ ব্যবধানে এগিয়ে যান আলকারাজ। ৩৪ মিনিটের লড়াই শেষ পর্যন্ত ৬-২ ব্যবধানে জিতে নেন তিনি।
আরও পড়ুনঃ Copa America 2024 : কোপা আমেরিকা জিতে ফুটবল জীবনের বৃত্ত সম্পূর্ণ করলেন মেসি ও দি মারিয়া
তৃতীয় সেটে নিজেদের সার্ভিস ধরে রাখেন দুই তারকাই। একটা সময় গেম ৩-৩ ছিল। প্রথম দুটি গেমের তুলনায় কিছুটা খেলায় ফেরেন জোকোভিচ। তবে তা যথেষ্ট ছিল না। যখন সেট টাইব্রেকারের দিকে এগোচ্ছিল তখন জোকারের সেট আবার ভাঙেন আলকারাজ। কিন্তু মাঝি কিছুটা খেলা থেকে হারিয়ে যান তিনি। সেই সুযোগে গেম ৫-৫ করেন সার্বিয়ান তারকা। খেলা টাইব্রেকারে গড়ায়। সেখানে আর ভুল করেননি আলকারাজ। স্ট্রেট সেটে জোকোভিচকে উড়িয়ে এ বারের উইম্বলডন নিজের নামে করেন তিনি।


More Stories
শক্তিশালী দল গড়ছে মোহনবাগান, রেকর্ড অর্থে এলেন ছাঙতে
আর্জেন্টিনা এখন টিএমসির মতো : দিলীপ ঘোষ
বিশ্বকাপের নতুন মারাদোনা কে?