Home » Thomas Muller : আন্তর্জাতিক ফুটবলকে আলবিদা জানালেন জার্মানির বিশ্বজয়ী ফুটবলার

Thomas Muller : আন্তর্জাতিক ফুটবলকে আলবিদা জানালেন জার্মানির বিশ্বজয়ী ফুটবলার

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৬ জুলাইঃ আন্তর্জাতিক ফুটবলে আর খেলতে দেখা যাবে না টমাস মুলারকে । ঘরের মাঠে ইউরো কাপের কোয়ার্টার ফাইনাল থেকে জার্মানির বিদায়ের পর থেকে শুরু হয়েছিল জল্পনা। সেই জল্পনায় সিলমোহর দিলেন জার্মানির বিশ্বকাপজয়ী স্ট্রাইকার। সোমবার এক্স হ্যান্ডল ও ইউটিউব চ্যানেলে নিজের অবসরের সিদ্ধান্ত জানিয়ে দিলেন ৩৪ বছরের মুলার ।   

ইউটিউবের সংক্ষিপ্ত ভিডিও বার্তায় মুলারকে বলতে শোনা গিয়েছে, “আমি যখন ১৪ বছর আগে প্রথম আন্তর্জাতিক ম্যাচে জার্মানির জার্সিতে মাঠে নেমেছিলাম, আমি এসব স্বপ্নেও ভাবতে পারিনি। দারুণ সব জয় এবং হারের তিক্ত অভিজ্ঞতা। কখনও বিধ্বস্ত হয়ে পড়েছি, আবার কখনও ঘুরে দাঁড়িয়েছি। চমৎকার সব সতীর্থদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করেছি। এই সতীর্থদের সঙ্গেই অন্তহীন অবিস্মরণীয় মুহূর্তের অভিজ্ঞতা হয়েছে। আজকে আমি ফেডেরাল ইগলদের শুভেচ্ছা জানাতে চাই। মাঠের মধ্যে তোমাদের ভালোবাসার জন্যই দেশের হয়ে খেলতে সব সময় গর্ববোধ হয়েছে। আমরা একসঙ্গে হেসেছি, একসঙ্গে চোখের জল ফেলেছি। আমি ধন্যবাদ জানাতে চাই জার্মানির সমস্ত ভক্ত এবং সতীর্থদের। ২০২৬-র বিশ্বকাপে জার্মান দলকে সমান উৎসাহ দিন। গ্যালারি থেকে আমিও সমর্থকদের কাজটাই করব। ফুটবলার হিসেবে নয়। দেখা হবে।”

আরও পড়ুনঃ Wimbledon 2024 : টানা দ্বিতীয়বার উইম্বলডন জিতলেন স্পেনের আলকারাজ, স্ট্রেট সেটে উড়িয়ে দিলেন জোকারকে

২০০৪ সাল থেকে জার্মান দলের হয়ে খেলছেন টমাস মুলার । তখন যদিও খেলতেন অনূর্দ্ধ-১৬ দলে। তারপর বিভিন্ন বয়স ভিত্তিক প্রতিযোগিতায় দেশের হয়ে প্রতিনিধিত্ব করেন। ২০১০ সালে প্রথম বড়দের দলে খেলার সুযোগ পান ২১ বছরের মুলার। আর্জেন্টিনার বিপক্ষে অভিষেক হয়েছিল। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। সেই বছরেই দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে দেশের হয়ে মাঠে নামেন। ছয় ম্যাচে পাঁচ গোল করে জিতে নেন সোনার বুট। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় জার্মানি। সেই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন মুলার। প্রতিযোগিতায় একটি হ্যাটট্রিক-সহ করেছিলেন পাঁচ গোল। বিশ্বকাপে ১০ গোলের মালিক হলেও ইউরো কাপে তিনি গোলের খাতা খুলতে পারেননি। ১৪ বছরে দেশের জার্সিতে ১৩১ ম্যাচ খেলেছেন। জার্মানির হয়ে তাঁর থেকে বেশি ম্যাচ খেলেছেন মাত্র দুইজন। একজন লোথার ম্যাথিউজ ও অন্যজন মিরোস্লাভ ক্লোজে। দেশের জার্সিতে করেছেন ৪৫ টি গোল।  তবে নিজেদের আন্তর্জাতিক ফুটবল কেরিয়ারে ইতি টানলেন মুলার। তবে ক্লাব ফুটবলে এখনও তিনি খেলবেন। ২০২৫ সাল পর্যন্ত তাঁর বর্তমান ক্লাব বায়ার্ন মিউনিখের সঙ্গে চুক্তি রয়েছে।

About Post Author