সময় কলকাতা ডেস্ক, ১ আগস্টঃ বর্ষার তাণ্ডবলীলায় উত্তরাখণ্ডের পর এবার বিপর্যস্ত হিমাচল। একনাগাড়ে বৃষ্টির জেরে কার্যত বিপর্যস্ত হিমাচল প্রদেশ। ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে তৈরি হয়েছে হড়পা বান। একাধিক রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে গিয়েছে। জলের তোড়ে ভেসে গিয়েছে বহু বাড়িঘর। নিখোঁজ কমপক্ষে ৩৬ জন। মৃত্যু হয়েছে ২ জনের। ভারী বৃষ্টির জেরে বহু জায়গায় ধস নেমেছে। উদ্ধারকাজে নেমেছে এনডিআরএফ, সিআইএসএফ ও হোমগার্ড, আইটিবিপি-ও। বুধবার সকালে হিমাচল প্রদেশের মাণ্ডিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়েছে। মাণ্ডিতে ভূমিধসের জেরে রাজবান গ্রামের কাছে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। আপাতত স্কুল-কলেজের পড়ুয়াদের বাড়িতে থাকতেই পরামর্শ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ভোরে মান্ডির থালতুখড় এলাকায় মেঘভাঙা বৃষ্টিতে অন্তত ৯ জন নিখোঁজ বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে। মৃত্যু হয়েছে এক জনের। প্রশাসনের তরফে জোরকদমে চলছে উদ্ধারকাজ। সিমলার কাছে রামপুড়ে জারি রয়েছে হাই অ্যালার্ট। সেখানে একনাগাড়ে বৃষ্টিতে জলের তোড়ে ভেসে গিয়েছেন কমপক্ষে ২০ জন। হাওয়া অফিস বলছে, আগামী ৪৮ ঘণ্টা উত্তরাখণ্ডের সাত জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে।
এদিকে, গত কয়েকদিন ধরে মেঘভাঙা বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত উত্তরাখণ্ডের কেদারনাথ, চামোলি, টিহরী। ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে হু হু করে বাড়ছে মন্দাকিনী নদীর জলস্তর। বুধবার সেই বৃষ্টির পরিমাণ আরও বাড়ে। একনাগাড়ে বৃষ্টির জেরে কেদারনাথ যাওয়ার রাস্তার বেশ কিছু জায়গায় ধস নামে। এর জেরে প্রায় ২০০-র কাছাকাছি পর্যটক কেদারনাথে আটকে পড়েছেন বলেই জানা গিয়েছে। উত্তরাখণ্ডে জারি হাই অ্যালার্ট। ভেসে গিয়েছে বহু রাস্তা। বুধবার উত্তরাখণ্ডের টিহরীতে প্রবল বৃষ্টিতে ধসে যায় একটি হোটেল। মৃত্যু হয় পাঁচ পর্যটকের। টিহরীতে একটি পরিবারের বেশ কয়েক জন সদস্য নিখোঁজ হয়ে গিয়েছেন বলে স্থানীয় সূত্রে খবর। এর কিছুক্ষণ পরই কেদারনাথেও মেঘভাঙা বৃষ্টি নামার খবর মেলে। ফলে বিপদের আশঙ্কা আরও বাড়ছে। নিরাপত্তার কারণে রুদ্রপ্রয়াগ, বাদেশ্বর, চম্পাবত এবং টিহরী জেলার বহু রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। বৃষ্টি আর ধসের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে পিথোরাগড়-তাওয়াঘাট জাতীয় সড়ক। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং পুলিশের তরফে চূড়ান্ত সতর্কতা জারি করে ধসপ্রবণ এলাকাগুলি থেকে নিরাপদ দূরত্বে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। মেঘভাঙ্গা বৃষ্টির জেরে হরিদ্বারে বহু গাড়ি জলের তোড়ে ভেসে গিয়েছে। চামোলিতে এক মহিলা এবং শিশু নিখোঁজ হয়ে গিয়েছে। তাঁদের খোঁজ চালাচ্ছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। ইতিমধ্যেই গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামী।
#Latestbengalinews
# HimachalPradeshCloudburst
#HimachalPradesh
#LandslideinKedarnath


More Stories
“কংগ্রেসের হাত-ছাড়া ভুল ছিল”, বিস্ফোরক অনুব্রত দুষছেন আইপ্যাককে
সিআইডি অবিলম্বে অভিষেককে গ্রেফতার করতে চায়, অন্তরায় হাইকোর্টের নির্দেশ
পাক অধিকৃত কাশ্মীরে গুলি, নিহত ৩০