স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৭ অগস্ট: কোচ হিসেবে ভারতীয় ক্রিকেট দলে দ্বিতীয় ইনিংসটা স্মরণীয় হল না গৌতম গম্ভীরের। শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে হারতে হল ভারতকে। ০-২ ব্যবধানে হারলেন রোহিতরা। তিন ম্যাচের সিরিজে প্রথম ম্যাচ ড্র হয়েছিল। পরের ম্যাচে হেরে যায় ভারত। সিরিজ ড্র করতে হলে তৃতীয় ম্যাচে জিততে হত গম্ভীরের ছেলেদের। কিন্তু সেই ম্যাচে ১১০ রানে হারের মুখ দেখল তারা। প্রায় ২৭ বছর পর শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজে হারের মুখ দেখল ভারত।

শ্রীলঙ্কার মন্থর পিচে স্পিনারদের না রেখে, দলে একাধিক পেসার রাখার মাশুল দিতে হল ভারতকে? দ্বীপ রাষ্ট্রের বিরুদ্ধে একদিনের সিরিজে ২-০ ব্যবধানে হারার পর এই প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে ক্রিকেট মহলে। কোচ হিসেবে দলের দায়িত্ব নেওয়ার পর থেকে ভারতীয় দলে অভিনবত্ব আনার চেষ্টা করেছেন কোচ গৌতম গম্ভীর। কিন্তু একদিনের সিরিজে হার দিয়েই নতুন ইনিংস শুরু করলেন গৌতি। বুধবার আর প্রেমদাসা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন লঙ্কা অধিনায়ক চরিথ আশলঙ্কা। অধিনায়কের সিদ্ধান্তে সিলমোহর দেন দলের প্রথম সারির ব্যাটাররা। প্রথম উইকেটে ৮৯ রানের জুটি তুলে ইনিংসের ভিত তৈরি করে দেন দুই ওপেনার পাথুম নিশঙ্ক ও আবিষ্কা ফার্নান্দো। ৪৫ রানে নিশঙ্ক ফিরলে কুশল মেন্ডিসের সঙ্গে দলের হাল ধরেন ফার্নান্ডো। এই সিরিজে ডাহা ব্যর্থ মহম্মদ সিরাজ। এই ম্যাচে তাঁকেই নিশানা করল লঙ্কার ব্যাটাররা। দ্বিতীয় উইকেটে ৮২ রানের জুটি গড়েন দুজনে। একটা সময় মনে হয়েছিল শতরানের পথে এগোচ্ছেন ফার্নান্ডো। তখনই তাঁকে সাজঘরে ফিরিয়ে ভারতকে খেলায় ফেরান রিয়ান পরাগ। শতরান থেকে চার রান দূরে থামেন লঙ্কা ওপেনার। মেন্ডিসকে আউট করেন কুলদীপ যাদব। তাঁর ব্যাট থেকে আসে ৫৯ রান। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৪৭ রান তোলে শ্রীলঙ্কা। শেষের দিকে ৭৭ রানে ৬ উইকেট হারায় তারা।
এই ম্যাচে অতিরিক্ত ব্যাটার খেলায় ভারত। কিন্তু বিশেষ সুবিধে করতে পারেননি কেউ। ১২.৫ ওভারের মধ্যে মাত্র ৮২ রানে ছয় উইকেট হারায় রোহিত ব্রিগেড। টপ অর্ডারে রোহিত ও বিরাট ছাড়া দুই অঙ্কের রান করতে পারলেন না কোনও ব্যাটার। ২০ বলে ৩৫ রান করেন ভারত অধিনায়ক। বিরাট করেন ২০ রান। বাকিরা ব্যর্থ। শেষদিকে কিছুটা লড়াই করেন ওয়াশিংটন সুন্দর। বেশ কয়েকটি বড় শট খেলেন ভারতীয় অলরাউন্ডার। কিন্তু লঙ্কা শিবিরের স্পিন বোলিংয়ের সামনে তাসের ঘরের মত ভেঙে পড়ে ভারতীয় ব্যাটিং অর্ডার। দুনিথ ওয়াল্লালাগে একাই নিলেন পাঁচ উইকেট। রোহিত ও বিরাট ভারতীয় ব্যাটিং অর্ডারের দুই তারকাকে ফেরালেন তিনি। পিছিয়ে ছিলেন না ভান্দারসে ও থিকশানাও। তাঁরাও ভারতীয় ব্যাটারদের চাপে রাখলেন। দুজনেই দুটি করে উইকেট নিলেন। এই সিরিজে মোট ২৭ বার ভারতীয় ব্যাটাররা শ্রীলঙ্কার স্পিনারদের শিকার হয়েছেন। ২৬.১ ওভারে ১৩৮ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। গত বছর এশিয়া কাপে এই দলকে নাস্তানাবুদ করেছিলেন রোহিতরা। কিন্তু এক বছরের ব্যবধানে সেই দলের বিরুদ্ধে এই শোচনীয় হার ভারতীয় দলের থিঙ্কট্যাঙ্কের চিন্তা বাড়াবে।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার