সময় কলকাতা ডেস্ক, ১৫ আগস্টঃ দেশজুড়ে পালিত হচ্ছে ৭৮ তম স্বাধীনতা দিবস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ নেন। প্রতিবারের মতো এবারও তিনি দিল্লির লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর জাতির উদ্দেশে ভাষণ দেন তিনি। প্রধানমন্ত্রী হিসাবে এই নিয়ে টানা ১১ বার স্বাধীনতা দিবসের দিন লালকেল্লা থেকে ভাষণ দিলেন মোদি। এদিন নারীর নিরাপত্তা নিয়ে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সরাসরি আরজিকর হাসপাতাল বা পশ্চিমবঙ্গের নাম না করে বলেন, ‘ মহিলাদের উপর নির্যাতনকারীদের কঠোর সাজা দিতে হবে। এজন্য সমাজ, দেশ ও রাজ্য সরকারগুলিকে একত্রে কাজ করতে হবে। নারী নির্যাতনের বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা উচিত। আমি মানুষের ক্ষোভ, অসন্তোষের কারণ অনুভব করতে পারছি। আমরা মেয়েদের সুরক্ষা দিতে পারিনি। দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে যাতে অপরাধীদের মধ্যে ভীতি তৈরি হয়। দেশ, সমাজ, রাজ্য সরকারগুলিকে এটিকে গুরুত্ব সহকারে নিতে হবে। যখন নারীদের ওপর ধর্ষণ ও নৃশংসতার ঘটনা ঘটে, তখন তা ব্যাপকভাবে আলোচিত হয়, কিন্তু যখন অপরাধীকে শাস্তি দেওয়া হয়, তখন তা খবরে দেখা যায় না।’
এদিন লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণে দিতে গিয়ে তিনি বলেন, দেশকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা সংস্কারের কাজে দায়বদ্ধ। দেশের বর্তমান দেওয়ানি বিধিকে ‘সাম্প্রদায়িক’ বলে অভিহিত করে সেটির পরিবর্তে ‘ধর্মনিরপেক্ষ’ অভিন্ন দেওয়ানি বিধি আনার সপক্ষে সওয়ালও করলেন প্রধানমন্ত্রী। এরপরই ‘এক দেশ এক ভোটের’ পক্ষে সওয়াল করে প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘ঘন ঘন নির্বাচন দেশের উন্নতিতে বাধা তৈরি করছে।’
এরপরই প্রধানমন্ত্রী বলেন, পরিবারতন্ত্র ও জাতপাত থেকে মুক্তি প্রয়োজন। আধুনিক সমাজে ভুল আইনের কোনো স্থান নেই। দেশকে এক দেশ এক নির্বাচনের জন্য এগিয়ে আসতে হবে। ভারতের উন্নতির জন্য এই স্বপ্ন পূরণ করতে হবে। আমি সকল দলকে এগিয়ে আসার আহ্বান জানাই।
#PrimeMinisterNarendraModi
#Latestbengalinews
#RedFort
#IndependenceDay ,


More Stories
সুপ্রিম রায় : বিবাহিতা মহিলাদের বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ টিকবে না
আমাদের চেয়ে ভালো গলা কাটতে কেউ জানেনা, বাংলাদেশকে হুঁশিয়ারি নাগাল্যান্ডের মন্ত্রীর
আশ্রয় ডিটেনসন ক্যাম্প : বাংলাদেশী সন্দেহে আটক,আধারকার্ড -ভোটার কার্ড দেখিয়েও লাভ হল না বঙ্গের পাঁচ শ্রমিকের