স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৭ অগস্টঃ আরজিকর কাণ্ডের জের। বাতিল হয়ে গেল কলকাতা ডার্বি । রবিবার ডুরান্ড কাপের গ্রুপ পর্বের খেলায় মুখোমুখি হওয়ার কথা ছিল কলকাতার দুই প্রধানের। কিন্তু রাজ্যের সার্বিক আইন শৃঙ্খলার পরিস্থিতির কথা মাথায় রেখে এই ম্যাচ আয়োজন করা গেল না। ফলে ইস্ট-মোহন দুই দলকেই এক পয়েন্ট করে ভাগ করে দেওয়া হল। এই ম্যাচে জিতলে সেই দল সরাসরি প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে পৌঁছে যেত। কারণ প্রথম দুই ম্যাচে ৬ পয়েন্ট পেয়েছে দুই দলই। তাই এক পয়েন্ট পেয়ে যাওয়ায় এ গ্রুপ থেকে দুটি দল পৌঁছে যাবে প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে।

আরও পড়ুনঃ Durand Cup Derby : ডার্বির আগে ইস্টবেঙ্গল অনুশীলনে আনোয়ার, ম্যাকলারেনকে নিয়ে চাপে মোহনবাগান
আরজিকর কাণ্ড নিয়ে উত্তাল গোটা দেশ। সেই আবহের প্রভাব এবার পড়ল কলকাতা ডার্বিতে। রবিবার কলকাতার যুবভারতীতে ডুরান্ড কাপের গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল কলকাতার দুই প্রধানের। কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতির কথা বিবেচনা করে সেই ম্যাচ বাতিল করা হল। ডার্বি ম্যাচ নিয়ে দুই দলের সমর্থকদের মধ্যে একটা আলাদা উন্মাদনা থাকে। প্রচুর সমর্থক মাঠে ভিড় জমান খেলা দেখতে। তাদের সামাল দেওয়ার জন্য মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। কিন্তু শহরেরল যা পরিস্থিতি তাতে ম্যাচের দিন পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা সম্ভব হবে না বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। তারপর ম্যাচকে অন্য রাজ্যে সরিয়ে নিয়ে যাওয়ার ভাবনাও করেছিলেন আয়োজকরা। কিন্তু অবশেষে ডুরান্ড কাপের ডার্বি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হল।
আরজিকর কাণ্ডের প্রতিবাদের আঁচ গ্যালারিতে ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল। দুই দলের সমর্থকরাই ‘উই ওয়ান্ট জাস্টিস’ টিফোর পরিকল্পনা করেছিলেন। পাশাপাশি তিলোত্তমার খুনীদের বিচারের দাবিতে বিভিন্ন ব্যানার, ফ্লেক্সও তারা প্রস্তুত করেছিলেন। সামাজীক মাধ্যমে এই ঘটনার প্রতিবাদে তারা বেশ কয়েকদিন ধরেই সরব ছিলেন। কয়েকটি ফ্যান ক্লাবের পক্ষ থেকেও প্রতিবাদের কথা ঘোষণা করা হয়েছিল। সমর্থকরা গ্যালারিতে প্রতিবাদ করলে পরিস্থিতি জটিল হওয়ার সম্ভাবনা ছিল। এই সব কথা মাথায় রেখে ডুরান্ড কাপের ডার্বি বাতিলের সিদ্ধান্ত নিলেন আয়োজকরা।


More Stories
শক্তিশালী দল গড়ছে মোহনবাগান, রেকর্ড অর্থে এলেন ছাঙতে
আর্জেন্টিনা এখন টিএমসির মতো : দিলীপ ঘোষ
বিশ্বকাপের নতুন মারাদোনা কে?