স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২২ অগস্টঃ এএফসি চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা পর্বে হারতে হয়েছিল ইস্টবেঙ্গলকে। ঘরের মাঠে তুর্কমিনিস্তানের ক্লাব অলটিন আসিরের বিরুদ্ধে লড়াই করেও শেষরক্ষা হয়নি। কিন্তু এশীয় স্তরে নিজেদের প্রমাণ করার সুযোগ এখনও রয়েছে কার্লেস কুয়াদ্রাত ও তাঁর দলের কাছে। এএফসি চ্যালেঞ্জ কাপে খেলবে কলকাতার অন্যতম প্রধান ক্লাব। বৃহস্পতিবার ছিল প্রতিযোগিতার গ্রুপ পর্বের ড্র। সেখানে জানা গিয়েছে কাদের মুখোমুখি হতে হবে লাল-হলুদকে।

ভারতের হয়ে প্রতিনিধিত্ব করা ইস্টবেঙ্গল রয়েছে এ গ্রুপে। এই গ্রুপের বাকি তিন দল হল বাংলাদেশের বসুন্ধরা কিংস, ভুটানের পারো এফসি ও লেবাননের নেজমেহ এসসি। প্রত্যেক গ্রুপে একটি দল মোট তিনটি ম্যাচ খেলবে। ইস্টবেঙ্গলকে এই তিনটি ম্যাচই খেলতে হবে ভূটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে। লাল-হলুদের প্রথম ম্যাচ ২৬ অক্টোবর। পরের দুটি ম্যাচ রয়েছে ২৯ অক্টোবর ও ১ নভেম্বর।

আরও পড়ুনঃ Manuel Neuer: জার্মান ফুটবল দলে নয়্যার যুগের অবসান, জাতীয় দল থেকে অবসর নিলেন বিশ্বজয়ী ফুটবলার
আরও পড়ুনঃ Durand Cup: মিলল পুলিশের অনুমতি, সদস্য সমর্থকদের আবেগকে প্রাধান্য দিয়ে ডুরান্ড ফিরছে কলকাতায়
এই প্রতিযোগিতায় গ্রুপ পর্বে থাকা দলগুলিকে মোট পাঁচটি গ্রুপে ভাগ করা হয়েছে। এর মধ্যে প্রথম দুটি গ্রুপে রয়েছে চারটি করে দল ও শেষ দুটি গ্রুপে রয়েছে তিনটি করে দল। মোট দলের সংখ্যা ১৮ টি। প্রথম তিনটি গ্রুপে থাকবে পশ্চিম এশিয়ার ১২ টি দল। পরের দুটি গ্রুপে থাকবে পূর্ব এশিয়ার দল ৬ টি দল। প্রথম তিনটি গ্রুপ থেকে শীর্ষে থাকা তিন দল ও সেরা রানার্স আপ পরের পর্বের জন্য যোগ্যতা অর্জন করবে। পরের দুটি গ্রুপ থেকে সেরা দুই দল অর্থাৎ চারটি দল নকআউটে পৌঁছবে। কোয়ার্টার ফাইনাল থেকে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে খেলতে হবে যোগ্যতা অর্জনকারী দলগুলিকে। আগামী বছরের মার্চ মাসে হবে কোয়ার্টার ফাইনাল। সেমিফাইনাল হবে এপ্রিল মাসে। ১০ মে হবে প্রতিযোগিতার ফাইনাল। ইস্টবেঙ্গলকে কোয়ার্টার ফাইনালে পৌঁছতে হলে নিজেদের গ্রুপে শীর্ষে থাকতে হবে অথবা সেরা রানার্স দল হতে হবে।


More Stories
গিল -রাহুলের শতরান, বড় ইনিংস গড়ছে ভারত
টি-টোয়েন্টি-তে ভারতের নতুন অধিনায়ক শ্রেয়স, দলে বৈভব
সিরিজ জিতল পাকিস্তান