স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৩ সেপ্টেম্বর: অবসরের কথা ঘোষণা করলেন লুইস সুয়ারেজ। সতেরো বছরের আন্তর্জাতিক ফুটবলে ইতি টানতে চলেছেন তিনি। ২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে শুক্রবার প্যারাগুয়ের মুখোমুখি হবে সুয়ারেজের দেশ। মন্টেভিডিও-র ক্যান্টেনারিও স্টেডিয়ামে সেই ম্যাচেই শেষ বারের মত মাঠে নামতে দেখা যাবে উরুগুয়ের সর্বকালের অন্যতম সেরা ফুটবলারকে।
আরও পড়ুন প্যারালিম্পিক্সে রুপো নিষাদের,ব্রোঞ্জ জিতে নজির গড়ল প্রীতির
সম্প্রতি একটি সাংবাদিক বৈঠকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন লুইস সুয়ারেজ। তিনি বলেন, “দেশের হয়ে শুক্রবার শেষ ম্যাচ খেলব। তবে চোটের কারণে নয়, বা জাতীয় দলে ব্রাত্য হয়ে এমন সিদ্ধান্ত নিচ্ছি তাও নয়। আমি স্বেচ্ছায় অবসরের সিদ্ধান্ত নিতে পারছি। এটা ভেবেও আমার শান্তি হচ্ছে। শেষ ম্যাচের শেষ বাঁশি বাজা পর্যন্ত নিজের সেরাটুকু দেওয়ার চেষ্টা করব।” তবে কেন তিনি নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ হিসেবে প্যারাগুয়ের বিরুদ্ধে ম্যাচটি বেছে নিলেন? এই প্রসঙ্গে সুয়ারেজ জানিয়েছেন নিজের ঘরের মাঠে তিনি শেষ ম্যাচটি খেলতে চেয়েছিলেন। তাই তাঁর এই সিদ্ধান্ত।

২০০৭ সালে আন্তর্জাতিক ফুটবলের আঙিনায় পা রাখেন সুয়ারেজ। তারপর দীর্ঘ সময় ধরে লা সেলেস্তেদের দলের আক্রমণ বিভাগকে নির্ভরতা দিয়ে এসেছেন। ২০১০ সালে উরুগুয়ের বিশ্বকাপ সেমিফাইনালে ওঠার নেপথ্যেও ছিলেন সুয়ারেজ। ২০১১ সালে দেশকে জিতিয়েছিলেন কোপা আমেরিকা। দেশের হয়ে ১৪২টি ম্যাচ খেলেছেন সুয়ারেজ। করেছেন ৬৯ টি গোল। উরুগুয়ের হয়ে সর্বোচ্চ গোল করার নজির রয়েছে তাঁর দখলে। শেষবার দেশের জার্সিতে গোল করেছিলেন জুলাই মাসে কোপা আমরেকায়। বিপক্ষ ছিল কানাডা। সেই গোল নিয়ে সুয়ারেজ জানিয়েছেন,“আমি দেশের জার্সিতে উল্লেখযোগ্য কিছু করতে পেরেছি। আমি চেয়েছিলাম আমার সন্তানেরা সেই মুহূর্তের সাক্ষী থাক। দলকে চ্যাম্পিয়ন করতে পারিনি। কিন্তু আমার গোল ওদের খুব আনন্দ দিয়েছে।”

আন্তর্জাতিক ফুটবল জীবনে খ্যাতির পাশাপাশি তাঁকে বিড়ম্বনায় ফেলেছে বিতর্ক। বারবার একাধিক বিতর্কে জড়িয়েছেন সুয়ারেজ। ২০১০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ঘানার বিরুদ্ধে ডমিনিক আদিয়ার গোলমুখী শট হাত দিয়ে আটকে দেন। এরফলে তাঁকে লালকার্ড দেখান রেফারি। পেনাল্টি পায় ঘানা। কিন্তু সেই শটে গোল করতে পারেনি তারা। ফলে সেমিফাইনালের রাস্তা পরিষ্কার হয়ে যায় উরুগুয়ের কাছে। ২০১৪ বিশ্বকাপে ইতালির ডিফেন্ডার জর্জিও কিয়েলিনির ঘাড়ে কামড় দিতে দেখা যায় সুয়ারেজকে। এই কাণ্ডের জন্য ফুটবল থেকে তাঁকে চার মাসের জন্য নির্বাসিত করে ফিফা। ২০১৩ সালের ডিসেম্বরে বিখ্যাত স্প্যানিশ ওয়েবসাইট ‘এল গোল’ তাঁকে বিশ্বের পঞ্চম জঘন্য ফুটবলার হিসেবে চিহ্নিত করে। কিন্তু এত কিছুর পরও ফুটবল মাঠে তাঁর প্রতিভাকে অস্বীকার করার জায়গা নেই। গোলের সামনে তাঁর মত আগ্রাসী ফুটবলার বিশ্বফুটবলে খুব কম দেখা গিয়েছে। অবশেষে সতেরো বছর পর লা সেলেস্তাদের বিদায় জানাতে চলেছেন এল পিস্টোরেলো বা দ্যা গানম্যান।
#Luis Suarez
#International football
#Cantenario Stadium in Montevideo
#World Cup semi-final
#Copa America
#Giorgio Chiellini


More Stories
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে
আকিব নবীর হয়ে সরব বেঙ্গসরকার, তাঁর দাবি ঘরোয়া ক্রিকেট বন্ধ করে দেওয়া হোক