Home » Barcelona: প্রস্তুত মেসির উত্তরসূরি! ইয়ামালের জোড়া গোলে জিরোনার বিরুদ্ধে বড় জয় বার্সেলোনার

Barcelona: প্রস্তুত মেসির উত্তরসূরি! ইয়ামালের জোড়া গোলে জিরোনার বিরুদ্ধে বড় জয় বার্সেলোনার

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৬ সেপ্টেম্বর: লা লিগায় অপ্রতিরোধ্য বার্সেলোনা। চলতি লিগে এখনও পর্যন্ত অপরাজিত হান্সি ফ্লিকের দল। জিরোনাকে তাদের ঘরের মাঠে পর্যুদস্ত করলেন তাঁরা। প্রায় একতরফা ম্যাচে ৪-১ ব্যবধানে জিতে নিল কাতালানরা। জিরোনার বিরুদ্ধে জোড়া গোল করলেন স্পেনের ১৭ বছরের বিস্ময় বালক ল্যামিনে ইয়ামাল। এই নিয়ে টানা পাঁচ ম্যাচ জিতে লিগ শীর্ষে বার্সেলোনা।

আরও পড়ুন    Premier League: প্রিমিয়ার লিগের উত্তর লন্ডন ডার্বিতে বড় জয় আর্সেনালের, উলভসের বিরুদ্ধে জিতল নিউক্যাসেল

রবিবার এস্তাডিও মন্তিলিভিতে প্রথমার্ধেই জোড়া গোল করেন স্পেনের ইউরো কাপ জয়ের নায়ক। ৩০ মিনিটের মাথায় জিরোনার ডিফেন্ডার ডেভিড লোপেজকে কাটিয়ে দুরন্ত শটে বল জালে জড়িয়ে দেন। গোলের ধাক্কা সামলিয়ে ওঠার আগে দলের হয়ে ব্যবধান বাড়ান সেই ইয়ামাল। লেওয়ানদস্কির বাড়ানো পাস থেকে বাঁকানো শটে গোল করেন তিনি। প্রথমবার বার্সেলোনার জার্সিতে এক ম্যাচে দুই গোল করলেন ‘মেসির উত্তরসূরি’। পাশাপাশি চলতি লিগে ৩ গোল ও ৪ অ্যাসিস্ট সম্পূর্ণ করলেন। এখনও পর্যন্ত পাঁচ ম্যাচের সব কটিতে অন্তত একটি গোলে অবদান রয়েছে ইয়ামালের।

বিরতির সময় ২-০ গোলে এগিয়ে যায় বার্সা। দ্বিতীয়ার্ধের শুরুতে দলের হয়ে তিন নম্বর গোলটি করেন ড্যানি ওলমো। ৬৪ মিনিটে স্কোরবোর্ড ৪-০ করেন পেদ্রি। ৮০ মিনিটের মাথায় একটি গোল শোধ করে জিরোনা। গোল করেন পরিবর্ত হিসেবে নামা ক্রিস্টিয়ান স্টুয়ানি। ৮৬ মিনিটে বিপক্ষের এক ফুটবলারকে অহেতুক ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বার্সার ফেরান তোরেস। যদিও বার্সার বড় ব্যবধানে জয়ের পথে বাঁধা সৃষ্টি হয়নি।

গত মরশুমে এই জিরোনার বিরুদ্ধে দুটি সাক্ষাতের দুটিতেই হেরেছিল বার্সেলোনা। দুটি ম্যাচেই খেলার ফল ছিল জাভির দলের বিপক্ষে ২-৪। এই ম্যাচে জিরোনাকে ৪-১ গোলে দুরমুশ করে মধুর প্রতিশোধ নিলেন লেভানদস্কিরা। পাশাপাশি দুই ও তিন নম্বরে থাকা মাদ্রিদের দুই দলের সঙ্গে চার পয়েন্টের ব্যবধান গড়ে নিল। বার্সেলোনার পরবর্তী ম্যাচ আগামী বৃহস্পতিবার। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ফ্লিকের দল মুখোমুখি হবে এএস মোনাকোর।

About Post Author