Home » FC Barcelona: গাভির প্রত্যাবর্তন, লেভানডস্কির নজির, সেভিয়ার বিরুদ্ধে দাপুটে জয় বার্সেলোনার

FC Barcelona: গাভির প্রত্যাবর্তন, লেভানডস্কির নজির, সেভিয়ার বিরুদ্ধে দাপুটে জয় বার্সেলোনার

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২১ অক্টোবরঃ লা লিগায়  অব্যহত বার্সেলোনা ঝড়। এ বার সেই ঝড়ে উড়ে গেল সেভিয়া। হ্যান্সি ফ্লিকের শিষ্যরা জিতলেন ৫-১ গোলে। কাতালানদের হয়ে জোড়া গোল করলেন রবার্ট লেভানডস্কি ও পাবলো তোরে। একটি গোল পেয়েছেন পেড্রি। এই জয়ের ফলে ১০ ম্যাচে ২৭ পয়েন্ট পেয়ে লিগে শীর্ষস্থান ধরে রাখল বার্সেলোনা। দ্বিতীয়স্থানে থাকা রিয়াল মাদ্রিদের থেকে ৩ পয়েন্ট এগিয়ে রয়েছে তারা।   

গত একযুগের বেশি সময় ধরে বিশ্ব ফুটবলে রাজত্ব করেছেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ইউরোপের শীর্ষস্থানীয় পাঁচ লিগের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় প্রথম দুইয়ে রয়েছেন দুজনে। বার্সেলোনার হয়ে মেসি করেছেন ৪৯৬ গোল। স্পোর্টিং লিসবন, ম্যানচেস্টার ইউনাইড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের হয়ে রোনাল্ডো করেন ৪৯৫ গোল। রবিবার রাতের আগে তৃতীয় স্থানে ছিলেন বায়ার্ন মিউনিখের প্রাক্তন ফুটবলার গার্ড মুলার। তিনি করেছিলেন ৩৬৫ গোল। কিন্তু জার্মান কিংবদন্তীকে পিছনে ফেলে দিলেন বার্সোলোনার পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডস্কি। বরুসিয়া ডর্টমুন্ড, বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনার জার্সিতে বিপক্ষের জালে ৩৬৬ বার বল জড়িয়ে ফেললেন তিনি। যার সর্বশেষ দুটি এসেছে সেভিয়ার বিরুদ্ধে।  

আরও পড়ুনঃ ICC Womens T20 World Cup: দুবাইয়ে ইতিহাস, মহিলা টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বসেরা নিউজিল্যান্ড

২৪ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন ৩৬ বছরের স্ট্রাইকার। ৩৯ মিনিটে রাফিনহার বাড়ানো পাস থেকে করেন দ্বিতীয় গোল। তারমধ্যে ২৮ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোল করেছিলেন পেড্রি। বিরতির সময় ৩-০ গোলে এগিয়ে যায় বার্সা। ৮২ মিনিটে পাবলো তোরে গোল করে ব্যবধান ৪-০ করেন। ৮৭ মিনিটে একটি গোল শোধ করে সেভিয়া। কিন্তু লাভ হয়নি। পরের মিনিটে আবার গোল করে দলের হয়ে ব্যবধান বাড়ান তোরে। এই ম্যাচ শেষ পর্যন্ত ৫-১ গোলে জিতে মাঠ ছাড়ে কাতালানরা। লিগের শীর্ষস্থান ধরে রাখার পাশাপাশি আরও একটা স্বস্তি পেয়েছে তারা। ৩৪৮ দিন লিগামেন্টে চোটের কারণে বাইরে থাকার পর এই ম্যাচে প্রত্যাবর্তন করেন গাভি। যদিও শুরু থেকে খেলেননি। দ্বিতীয়ার্ধের শেষের দিকে তাঁকে পরিবর্ত হিসেবে মাঠে নামান ফ্লিক।                

About Post Author