Home » 2024 Ballon d’Or: সুয়ারেজের পর স্পেনের দ্বিতীয় ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জিতে নজির রড্রির

2024 Ballon d’Or: সুয়ারেজের পর স্পেনের দ্বিতীয় ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জিতে নজির রড্রির

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৯ অক্টোবরঃ ‘মানুষ মিডফিল্ডারদের ভুলে যায়। তাঁদের অবদান ভুলে যায়। কিন্তু তাঁরাই দলের হৃদয়। সে ম্যানচেস্টার সিটির হৃদয়।’ কয়েকদিন আগে একটি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য করেছিলেন থিয়েরি অঁরি। ব্রাজিলের ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রকে ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে রেখেও আক্ষেপের সুরে মন্তব্যটি করেছিলেন ফরাসি কিংবদন্তী ফুটবলার। তবে তখন তাঁকে অনেক ব্যঙ্গ শুনতে হয়েছিল ব্রাজিল ও রিয়াল মাদ্রিদ সমর্থকদের কাছে। কারণ এ বারের ব্যালন ডি’অরে বাজিকরদের ফেবারিট ছিলেন তাঁদের ঘরের ছেলে ভিনি। কিন্তু তাঁকে পিছনে ফেলে স্বপ্নের সোনার বলটি জিতে নিলেন স্পেন ও ম্যানচেস্টার সিটির তারকা মিডফিল্ডার রড্রিগো হার্নান্ডেজ কাসাকান্তে ওরফে ‘রড্রি’ ।

১৯৬০ সালে স্পেনের প্রথম ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর খেতাব জিতেছিলেন লুই সুয়ারেজ। সোমবার রাতে স্পেনের কিংবদন্তীকে ছুঁলেন রড্রি । দেশের দ্বিতীয় ফুটবলার হিসেবে জিতে নিলেন ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কার। লাইবেরিয়ার প্রাক্তন সভাপতি তথা ১৯৯৫ সালের ব্যালন ডি’অর জয়ী জর্জ ওয়াহ মঞ্চে উঠে তাঁর নাম ঘোষণা করেন। সোমবার রাতে প্যারিসের থিয়েটার দু শাতলের অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল রিয়াল মাদ্রিদ। যা নজিরবিহীন। পুরস্কারের দৌড়ে থাকা প্রায় সব ফুটবলার উপস্থিত হয়েছিলেন প্যারিসে। সকলের সামনে পুরুষদের সেরা ফুটবলারের খেতাব হাতে তুললেন স্পেনের ২৮ বছরের ফুটবলার। ভোটের বিচারে তিনি পিছনে ফেললেন ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহ্যাম, আর্লিং হলান্ড, কিলিয়ান এমবাপ্পে, লাউতারো মার্টিনেজ ও ডানি কার্ভাহালকে। ২০১৮ সালের পর আবারও কোনও মিডফিল্ডারের হাতে উঠল এই পুরস্কার।

আরও পড়ুনঃ OPTICAL ILLUSION: আপনার যদি পর্যবেক্ষণ শক্তি প্রখর হয়, নিচের দেওয়া ছবি দুটির মধ্যে ৫০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করুন

গত মরশুমে ক্লাব ও দেশের হয়ে ধারাবাহিক ভাল ফুটবল উপহার দিয়েছেন রড্রি। দুই দলের হয়ে মোট ৬৩ ম্যাচ খেলেছেন তিনি। যেখানে তিনি গোল করেছেন ১২ টি। গোলের ক্ষেত্রে সহায়তা করেছেন ১৬ টি। ক্লাবের হয়ে জিতেছেন প্রিমিয়ার লিগ, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপ। স্পেনের উয়েফা ইউরো চ্যাম্পিয়নশিপের অন্যতম নায়ক ছিলেন রড্রি। গোটা প্রতিযোগিতায় দলের খেলাকে নিয়ন্ত্রণ করেছেন। অর্কেস্ট্রা কন্ডাক্টরের ভূমিকায় তাঁর খেলা প্রশংসা কুড়িয়েছে ফুটবল ভক্তদের। যথাযথভাবে প্রতিযোগিতার সেরা ফুটবলারের পুরস্কারটিও গিয়েছে তাঁর ঝুলিতে। ক্লাব ও দেশের হয়ে ফুটবল বিশ্বকাপ ছাড়া প্রায় সব দলগত ট্রফি জিতেছেন। এ বার ব্যালন ডি’অর জিতে নিজের মুকুটে আরও একটা পালক যুক্ত করলেন রড্রি।

About Post Author