স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২০ নভেম্বরঃ বিশ্বকাপের বাছাই পর্বে জয়ের সরণিতে ফিরল আর্জেন্টিনা। শেষ ম্যাচে প্যারাগুয়ের বিরুদ্ধে হারতে হয়েছিল তাদের। তবে মঙ্গলবার ঘরের মাঠে পেরুকে ১-০ গোলে হারিয়ে দিলেন মেসিরা। ম্যাচের এক মাত্র গোলটি করেছেন লাউতারো মার্টিনেজ । অন্যম্যাচে শক্তিশালী উরুগুয়ের বিরুদ্ধে ঘরের মাঠে ড্র করল ব্রাজিল। খেলার ফল ১-১। প্রথমে গোল পেয়ে গিয়েছিল উরুগুয়ে। তবে সেই গোলশোধ করে দলের মান রক্ষা করেন গেরসন।

পেরুকে হারাতে মরিয়া ছিল কোপা আমেরিকা জয়ীরা। বুয়েনস আয়ার্সে শুরু থেকে সফরকারী দলকে চাপে রেখেছিল তারা। কিন্তু পেরুর জমাট রক্ষণকে ভেদ করে কিছুতেই গোলের দেখা পাচ্ছিলেন না মেসি-আলভারেজ-মার্টিনেজরা। প্রথমার্ধের খেলা শেষ হয় গোলশূন্য। আক্রমণে বৈচিত্র নজর না করা গেলেও বল দখলে রাখায় বিপক্ষের থেকে অনেকটাই এগিয়ে ছিলেন আয়োজকরা। মেসিকে কড়া প্রহরায় রেখেছিলেন চিলির ফুটবলাররা। যদিও দ্বিতীয়ার্ধের শুরুতেই দুরন্ত গোল করে খাতা খোলেন মার্টিনেজ । মেসির ঠিকানা লেখা পাসকে জালে জড়িয়ে আন্তর্জাতিক ফুটবলে ৩২তম গোলটি করেন তিনি। ছুঁয়ে ফেললেন বিশ্বফুটবলের কিংবদন্তী দিয়েগো মারাদোনার দেশের হয়ে করা গোলের নজিরকে। যদিও গোলের আরও সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। জুলিয়ান আলভারেজের শট পোস্টে লেগে না ফিরলে ব্যবধান বাড়তে পারত। শেষ পর্যন্ত এক গোলের ব্যবধান ধরে রেখেই মাঠ ছাড়েন মেসিরা। এই জয়ের ফলে ১২ ম্যাচে ২৫ পয়েন্ট পেয়ে বিশ্বকাপের বাছাই পর্বের দক্ষিণ আমেরিকা গ্রুপের শীর্ষে রইল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় স্থানে রয়েছে উরুগুয়ে।
আরও পড়ুনঃ Basirhat Football: সংস্কারের অভাবে বন্ধ লিগ, মাঠে খেলা ফেরাতে উদ্যোগী প্রাক্তনীরা
বাছাই পর্বের অন্যম্যাচে ঘরের মাঠে ড্র করেছে ব্রাজিল। স্যালভাদোরে উরুগুয়ের বিরুদ্ধে তাদের ম্যাচ শেষ হয়েছে ১-১ গোলে। এই ম্যাচেও প্রথমার্ধে কোনও দল গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের শুরুতে সফরকারী দলকে এগিয়ে দিয়েছিলেন ফেদেরিকো ভেলভের্দে। বক্সের বাইরে থেকে দর্শনীয় শটে গোল করেন তিনি। যদিও ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। আট মিনিট পর প্রায় একই রকম গোল করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের সমতায় ফেরান গারসন। শেষ পর্যন্ত ১ পয়েন্ট পেয়ে মাঠ ছাড়েন রাফিনহা-ভিনিসিয়াসরা। এই ড্রয়ের ফলে ১২ ম্যাচে ২০ পয়েন্ট পেয়ে দ্বিতীয়স্থানে রইল উরুগুয়ে। সমসংখ্যক ম্যাচে ১৮ পয়েন্ট পেয়ে পাঁচ নম্বরে ব্রাজিল।


More Stories
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে