সময় কলকাতা ডেস্ক, ৩০ নভেম্বর : আলাদিনের আশ্চর্য প্রদীপ ও রবার্ট ব্রুসের গল্প নতুন রূপ পেল শুক্রবারের যুবভারতীতে।
ইস্টবেঙ্গল কে রবার্ট ব্রুসের রেকর্ড ভাঙতে হলে যে মরক্কোর স্ট্রাইকারকে আটকাতে হত তা জানাই ছিল। মরক্কোর ফুটবলের মান ভারতের চেয়ে যে অনেকটাই ভালো তার প্রমাণ বারবার পাওয়া যাচ্ছে ইন্ডিয়ান সুপার লিগে। আহমেদ জাহু বা নোয়া সাদাউই ইতিমধ্যেই নিজেদের ফুটবল দক্ষতা দিয়ে জাত চিনিয়েছেন আইএসএলে। আর ইদানীং ভারতীয় ফুটবলে আলাদিনের আশ্চর্য প্রদীপ হয়ে দেখা দিয়েছেন আলাদিন আজারেই । এবছর আইএসএলে নর্থইস্ট ইউনাইটেড কে আলোকিত করে চলেছেন আজারেই ।তিনি শুক্রবার ইস্টবেঙ্গল ম্যাচের আগেই ৯ ম্যাচে ১১ গোল করে ফেলেছিলেন। এর মধ্যে রয়েছে বেশ কিছু অবিশ্বাস্য গোল। বেঙ্গালুরু এফ সি ম্যাচেও একটি বিশ্বমানের গোল করেছেন আলাদিন। ম্যাচ পিছু গোলের স্ট্রাইক রেটে তিনি পেছনে ফেলেছেন আইএসএলের সর্বকালের সেরা ও সফল স্ট্রাইকার কোরো-কে। ওগবেচে আইএসএলে সর্বাধিক গোলের অধিকারী হলেও স্প্যানিশ স্ট্রাইকার কোরো মাত্র ৫৭ টি ম্যাচে ৪৮ গোল করেছিলেন আইএসএলে। তবে যুবভারতীতে শুক্রবার আলাদিন তার আশ্চর্য প্রদীপ জ্বালাতে পারেননি। বেশ কিছু সুযোগ পেলেও বলকে গোলে রাখতে পারেননি। ফলশ্রুতি, ডায়ামনটাকোসের ২২ মিনিটে করা গোলে ইস্টবেঙ্গল বাজিমাত করে যায়। পয়েন্ট তালিকায় এবারের আইএসএলে একেবারে সামনের সারিতে থাকা নর্থইস্ট ইউনাইটেডকে জোর ধাক্কা খেল শুক্রবার । আর ইস্টবেঙ্গল যেন রবার্ট ব্রুসের রেকর্ড ভেঙে ফেলল।
স্কটল্যান্ডের রাজা রবার্ট ব্রুস ইংল্যান্ডের কাছে ছয়টি যুদ্ধে হারার পরে মাকড়সা কে দেখে অনুপ্রাণিত হয়ে সপ্তম যুদ্ধে জয়ী হয়েছিলেন। ইস্টবেঙ্গল ৬ টি টানা হারের পরে সপ্তম ম্যাচে মহামেডানকে আটকে দেয়। অবশেষে অষ্টম ম্যাচে জয় এল। তবে ইস্টবেঙ্গলকে এদিন আবার লাল কার্ড দেখতে হল। আগের ম্যাচের ম্যান অফ দ্যা ম্যাচ লালচুংনুঙ্গা খেলার শেষ মুহূর্তে লাল কার্ড দেখে ইস্টবেঙ্গল সমর্থকদের দুশ্চিন্তা বাড়িয়েছিলেন। কিন্তু আলাদিনকে আটকানোর জন্য হয়তো মাকড়সার গল্প শুনিয়ে রেখেছিলেন অস্কার ব্রুজো। প্রতি আক্রমণ ও গতির সমন্বয়ে গড়ে তোলা দলকে নিজের ভাবনায় প্রাণ দিয়েছেন। তাঁর পরিকল্পনায় এ ম্যাচে মহেশ নন্দার অভাব বুঝতে পারা যায় নি । আক্রমণে বিষ্ণু ছিলেন অনবদ্য। রক্ষণে আনোয়ার -ইউস্তে পালা করে আটকেছেন আলাদিনকে। পাহাড়ি দলের ক্ষুরধার বাম প্রান্তিক আক্রমণ সামলেছেন নুঙ্গাকে দিয়ে। নুঙ্গা বেরোতেই প্রভাত লাকড়াকে বাড়তি দায়িত্ব নিতে দেখা যায়। বলা বাহুল্য, অস্কারের দুর্দান্ত ট্যাকটিকসেই জয়ের বৃত্তে ফিরল ইস্টবেঙ্গল। আইএসএলে আন্তর্জাতিক বিরতির পরে নতুন ছন্দ ফেরা ইস্টবেঙ্গলের পরের ম্যাচ ডিসেম্বর মাসের ৭ তারিখ। চেন্নাইয়ানের বিরুদ্ধে ম্যাচে দলে পাওয়া যাবে নন্দা মহেশ কে। সব মিলিয়ে এবার নতুন আশায় বুক বাঁধছেন লাল হলুদ সমর্থকরা।।
আলাদিনের আশ্চর্য প্রদীপ #আলাদিনের_আশ্চর্য_প্রদীপ


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার