সময় কলকাতা ডেস্ক:- গোপন সূত্রে খবর পেয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল বর্ধমান জেলা পুলিশ। বর্ধমানের তালিত রেলওয়ে লেভেল ক্রসিংয়ের কাছে প্রায় ৭২ কেজি গাঁজা উদ্ধার হল। ঘটনায় গ্রেপ্তার হয়েছেন সঞ্জয় রাহা নামে এক ব্যক্তি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১১টি প্যাকেট থেকে মোট ৭১ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে। বর্ধমান ১ ব্লকের উন্নয়ন আধিকারিকের উপস্থিতিতে সেই গাঁজা বাজেয়াপ্ত করা হয়। সঞ্জয় রাহা নামে ওই ব্যক্তি গাড়ি চালিয়ে গাঁজা নিয়ে যাচ্ছিলেন। বীরভূমের সাইথিঁয়ার বাসিন্দা ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে। কোচবিহারের মাথাভাঙা থেকে ওই গাঁজা নিয়ে আসা হচ্ছিল। বর্ধমানেই কোনও ব্যক্তিকে ওই গাঁজা ডেলিভারি দেওয়ার কথা ছিল। কাকে সেই গাঁজা দেওয়ার কথা ছিল, সেটি জানার চেষ্টা চলছে। তদন্তকারীদের অনুমান, এর পিছনে কোনও চক্র কাজ করছে। ধৃত ব্যক্তিকে এদিন বর্ধমান আদালতে তোলা হয়।
গাঁজা পাচার হওয়ার আগাম খবর গোপন সূত্রে পাওয়া গিয়েছিল। তারপরই বর্ধমান ও দেওয়ানদিঘি থানার পুলিশ যৌথ অভিযান চালায়। বিশেষ তদন্তকারী দলের তরফে নাকাচেকিংয়ের ব্যবস্থা হয়। এদিন সকালে একটি ছোট চার চাকার গাড়ি দেখে পুলিশের সন্দেহ হয়। সেই গাড়িটি দাঁড় করিয়ে চালককে জিজ্ঞাসাবাদ করা হয়। কথায় অসঙ্গতি ধরা পড়ায় শুরু হয় গাড়ি তল্লাশি। ভিতর থেকে পাওয়া যায় বেশ কয়েকটি বড় আকারের পার্সেল। সেগুলি খুলতেই বেরিয়ে পড়ে গাঁজা।


More Stories
ডিমথেরাপি অশোকনগরের গ্রেফতার চেয়ারম্যান প্রবোধ সরকারকে
“কংগ্রেসের হাত-ছাড়া ভুল ছিল”, বিস্ফোরক অনুব্রত দুষছেন আইপ্যাককে
সিআইডি অবিলম্বে অভিষেককে গ্রেফতার করতে চায়, অন্তরায় হাইকোর্টের নির্দেশ