সময় কলকাতা ডেস্ক:- উত্তরপ্রদেশে কুম্ভমেলা স্পেশাল ট্রেনে হামলা! ঝাঁসি থেকে প্রয়াগরাজে পুণ্যার্থীদের যাওয়ার জন্য কুম্ভমেলা স্পেশ্যাল ট্রেন চলছে। সেই ট্রেনে হামলা চালানোর অভিযোগ উঠল একদল যাত্রীর বিরুদ্ধে। ঝাঁসির কাছে হরপালপুর স্টেশনে আচমকা ট্রেনে ইট, পাথর ছোড়ার অভিযোগ। ফলে ট্রেনের বেশ কয়েকটি জানালার কাঁচ ভেঙে যায়। কেউ আহত না হলেও এমন ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায়।
হামলার ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। প্রয়াগরাজের মহাকুম্ভে পুণ্যার্থীদের পৌঁছে দিতে দেশের সব প্রান্ত থেকে কুম্ভমেলা স্পেশাল ট্রেন চালাচ্ছে ভারতীয় রেল। তেমনই উত্তরপ্রদেশের ঝাঁসি থেকে প্রয়াগরাজ অবধি চালানো হচ্ছে বেশ কয়েকটি বিশেষ ট্রেন। তেমন একটি ট্রেনেই হামলা হয়েছে। ঝাঁসি থেকে সময় মতোই পুণ্যার্থীদের নিয়ে যাত্রা করেছিল মহাকুম্ভ স্পেশাল ট্রেনটি।
রাত ২টো নাগাদ হরপালপুর স্টেশনে পৌঁছতেই সেটিকে লক্ষ্য করে একের পর এক ইট, পাথর উড়ে আসে বলে অভিযোগ। জানা গিয়েছে, হরপালপুর স্টেশনে বিপুল সংখ্যায় পুণ্যার্থী অপেক্ষা করছিলেন। ঝাঁসি থেকে দু’ঘণ্টা সময় লাগে এই স্টেশনে পৌঁছতে। ট্রেন স্টেশনে ঢোকার পর অপেক্ষারত যাত্রীরা উঠতে না পেরে ক্ষোভে ফেটে পড়েন। তাঁদের অভিযোগ, ট্রেনের সব ক’টি কামরার দরজা ভিতর থেকে বন্ধ ছিল। বিপুল সংখ্যক পুণ্যার্থী দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর ট্রেনে উঠতে না পেরে উত্তেজিত হয়ে পড়েন। অভিযোগ, বিক্ষুব্ধ যাত্রীরা তার পরই ট্রেনে ইট, পাথর এবং লাঠি নিয়ে হামলা চালান। এই ঘটনায় ট্রেনের ভিতরে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। মহিলা এবং শিশুরা ভয়ে কান্নাকাটি করতে থাকেন। পুলিশ জানিয়েছে, ইট ও পাথরের আঘাতে ভেঙে যায় ট্রেনের বেশ কয়েকটি কামরার জানলা ও দরজার কাচ। যদিও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আরপিএফ।


More Stories
কুম্ভমেলা শেষ, চলছে সাফাই কর্মসূচি, এলাকার মানুষ খুশি আর্থিক পরিস্থিতি চাঙ্গা হওয়ায়
মহা কুম্ভের কৃতিত্ব কার? মহা কুম্ভের সাফল্য নিবেদনে সোমনাথ মন্দিরে পূজো দিলেন মোদি
এবার নাগা সন্ন্যাসীরা একে একে কুম্ভমেলা প্রাঙ্গণ ছেড়ে যাওয়া শুরু করলেন, কেন?