Home » রাস্তায় উল্টে গেল কন্টেইনার, নবান্নের কাছে সকাল থেকে যান চলাচল ব্যাহত

রাস্তায় উল্টে গেল কন্টেইনার, নবান্নের কাছে সকাল থেকে যান চলাচল ব্যাহত

সময় কলকাতা, নিজস্ব প্রতিনিধি:-মঙ্গলবার ভোরে হাওড়ার মন্দির তলায় একটি মালবোঝাই কন্টেইনার উল্টে বন্ধ হয়ে যায় সমস্ত যানবাহন চলাচল। ফলে বিপাকে পড়েছেন নিত্যযাত্রীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৪ চাকার কন্টেইনারটি বিদ্যাসাগর সেতু দিয়ে খিদিরপুরের দিকে থেকে এসে লিলুয়া যাওয়ার কথা ছিল। মন্দিরতলায় এসে রাস্তার মোড় ঘুরে কন্টেইনারটি বাস স্ট্যান্ডের কাছে পার্ক করে চালক নেমে যান।

তারপরেই কন্টেইনারটি নিজে থেকে পিছনে গড়িয়ে পড়ে আড়াআড়ি ভাবে। মন্দিরতলায় বিদ্যাসাগর সেতুর অ্যাপ্রোচ রোডের ফ্লাইওভারে ওঠার রাস্তায় উল্টে যায়, ফলে সকাল থেকে মন্দিরতলা রুটের সমস্ত বাস চলাচল বন্ধ হয়ে যায়। বন্ধ করে দেওয়া হয় কলাকাতা ও কোনা এক্সপ্রেসওয়ে থেকে আসা সমস্ত যানচলাচল। পুলিশ একটি ছোট ক্রেন এনে কন্টেইনারটি তোলার চেষ্টা করলেও সকাল সাড়ে ৯টা পর্যন্ত সফল হয়নি। পুলিশ জানিয়েছে, বড় ক্রেন এনে কন্টেইনারটি তোলা হবে।

About Post Author