Home » দু’দিনের বৃষ্টিতে পাকা ধানে মই পড়লো কৃষকদের, ভ্যাপসা গরম থেকে স্বস্তি পেল সাধারণ মানুষ

দু’দিনের বৃষ্টিতে পাকা ধানে মই পড়লো কৃষকদের, ভ্যাপসা গরম থেকে স্বস্তি পেল সাধারণ মানুষ

সময় কলকাতা ডেস্ক:- প্রবাদে আছে, পাকা ধানে মই দেওয়া। যার অর্থ কোনও কাজ হতে হতে খারাপ হয়ে যাওয়া। ঠিক এই প্রবাদেরই প্রতিফলন দেখা গেল দুদিনের বৃষ্টির ফলে উত্তর ২৪ পরগনার বসিরহাটের কৃষকদের জীবনে। গতকাল ও আজ দু’ দিনের বৃষ্টি সঙ্গে মেঘলা আবহাওয়ায় বাস্তবিক অর্থেই ‘পাকা ধানে মই পড়েছে’ কৃষকদের। কোথাও ধান কিংবা সবজি ক্ষেতে জল, আবার কোথাও গাছ নুইয়ে পড়েছে। এর ফলে ধান চাষে যেমন ক্ষতির সম্ভাবনা ঠিক তেমনই পচন ধরতে পারে সবজিতেও।

উল্লেখ্য, ব্যপক পরিমাণে ক্ষতির মধ্যে পড়েছেন সীমান্ত থেকে সুন্দরবনের ১০টি ব্লকের মিনাখাঁ, হাড়োয়া, স্বরুপনগর, হাসনাবাদ, বাদুড়িয়া, বসিরহাট ১ ও ২, হিঙ্গলগঞ্জের ধান চাষিরা। কারণ বছরের এই সময় ধান কেটে ঘরে তোলেন কৃষকেরা। কিন্তু তার আগেই এই বৃষ্টিতে পাকা ধান মাঠেই নষ্ট হয়ে যাচ্ছে। দু’দিনের বৃষ্টিতে ধান ক্ষেতের মধ্যে জলে জমেছে। কেউ কেউ হয়তো সবেমাত্র শুরু করেছিলেন ধান কাটার কাজ। আবার কেউ কেউ অপেক্ষায় ছিলেন আরও কটা দিনের। আবার কেউ ধান কেটে মাঠে শুকাতে দিয়েছিলেন। কিন্তু সেই অপেক্ষাই কাল হয়ে দাঁড়ালো কৃষকদের কাছে।

মিনাখাঁর জয়গ্রামের এক চাষী জানান, এই বৃষ্টিতে ধানের প্রচুর ক্ষতি হল। ধান কেটে রাখার পর বৃষ্টি হওয়ায় ধান থেকে অঙ্কুর বের হতে শুরু করেছে।

কার্যত হতাশার সুর শোনা যায় কৃষকের গলায়। ধানের পাশাপাশি সবজি চাষেও ক্ষতির সম্ভাবনা আছে। জল জমে রয়েছে সবজি গাছের গোড়াতেও। সূর্যের আলো উঠতেই পচন ধরতে শুরু করবে বলে আশঙ্কা কৃষকদের।

অন্যদিকে, ভ্যাপসা গরম থেকে রেহাই পেল শহরবাসী। কোনও জায়গায় শিলাবৃষ্টি আবার কোনও জায়গায় বৃষ্টি হওয়ায় এক রকম স্বস্তির মুখ দেখলেন সাধারণ মানুষ।

About Post Author