সময় কলকাতা ডেস্ক:- গরমে হাঁসফাঁস অবস্থা। তবে এর মাঝেই কোচবিহারের তুফানগঞ্জ শহরে পানীয় জলের পর্যাপ্ত জোগান না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে এলাকাবাসীকে। প্রায় দু’সপ্তাহ থেকে তুফানগঞ্জ পুরসভার বেশ কিছু ওয়ার্ডে পানীয় জলের অভাব দেখা গিয়েছে। জল পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাচ্ছে না। ফলে শুরু হয়েছে জলের হাহাকার। জল কিনে খাওয়ার মতো আর্থিক পরিস্থিতি অনেকেরই নেই। তাই বাধ্য হয়ে অনেকেই টিউবওয়েলের জলের উপরেই নির্ভরশীল।
তুফানগঞ্জ পুরসভার ১২টি ওয়ার্ডে পানীয় জলের পরিষেবার জন্য রয়েছে দুটো রিজার্ভার। একটি রিজার্ভার ঠিক থাকলেও পুরসভার ১ নম্বর ওয়ার্ডে থাকা রিজার্ভারটি যান্ত্রিক কিছু সমস্যা থাকার কারণে প্রায় ১৫-২০ দিন থেকে অচল হয়ে রয়েছে। এই রিজার্ভার থেকে ১, ২, ৩, ১১, ১২ নম্বর ওয়ার্ড ও অন্দরান ফুলবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের নয়নেশ্বরী এলাকা ও নাককাটি গাছের কিছু অংশে জল সরবরাহ করা হত। তবে ১২ নম্বর ওয়ার্ডের কিছু অংশে পুরনো রিজার্ভার থেকে জল সরবরাহ চালু রয়েছে। আর যে ওয়ার্ডগুলোতে পানীয় জলের পরিষেবা বন্ধ রয়েছে, সেসব এলাকায় পানীয় জলের জন্য অস্থায়ীজল ভর্তি ট্যাংক দেওয়া হয়েছে। তবে সেই জলেও সমস্যা মিটছে না বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। স্বাভাবিকভাবেই সমস্যা নজরে আসতেই আসরে নেমেছে বিজেপি। পুরসভার ব্যর্থতাকেই দায়ী করেছে গেরুয়া শিবির।
যদিও, পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, যান্ত্রিক গোলযোগের জন্য পানীয় জলের পরিষেবা বন্ধ। তবে দ্রুত সমস্যার সমাধান হবে। কথাতেই আছে, জলের আরেক নাম জীবন। তাই জলের পরিষেবা ঠিক না থাকার অর্থ জীবন সঙ্কটও বটে। তর্জা বোঝে না সাধারণ মানুষ। জলের পর্যাপ্ত পরিষেবা পাওয়ার অপেক্ষায় তুফানগঞ্জবাসী।


More Stories
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর
আরজিকর কাণ্ডের আইনি ফাঁসে রচনা
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?