Home » বাংলার বর্ষার কবে প্রবেশ করবে? জানাল হাওয়া অফিস

বাংলার বর্ষার কবে প্রবেশ করবে? জানাল হাওয়া অফিস

সময় কলকাতা ডেস্ক:- নির্ধারিত সময়ের আটদিন আগেই কেরালায় বর্ষা ঢুকে পড়েছে। এ দিকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ঢুকতে শুরু করেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী দু’দিনের মধ্যে উত্তরবঙ্গে বর্ষা ঢুকতে পারে। সেই সঙ্গে সিকিম এবং উত্তর-পূর্ব ভারত হয়ে বর্ষা রাজ্যে ঢুকবে। সেক্ষেত্রে এ বার ৮ জুনের অনেক আগেই বাংলায় বর্ষা ঢুকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

শনিবার কলকাতায় যে কোনও সময় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ঝড়বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি রবি ও সোমবার উত্তরবঙ্গের আট জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বুধবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। বুধ থেকে শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং কালিম্পং-এ ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এর পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনি ও রবিবার কোনও কোনও জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। তবে বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। ওই দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়।

এ ছাড়াও হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। কলকাতা-সহ সব জেলাতেই বৃহস্পতিবার ও শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

About Post Author