Home » দিল্লির মুখ্যমন্ত্রীর উপর হামলা; দায়ের ‘হত্যার চেষ্টা’ মামলা; ব্যক্তির রয়েছে দীর্ঘ ক্রাইম রেকর্ড

দিল্লির মুখ্যমন্ত্রীর উপর হামলা; দায়ের ‘হত্যার চেষ্টা’ মামলা; ব্যক্তির রয়েছে দীর্ঘ ক্রাইম রেকর্ড

সময় কলকাতা ডেস্ক:- বুধবার সকালে জন শুনানি কর্মসূচির সময়ে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার উপর হামলার ঘটনায় হত্যার চেষ্টার মামলা দায়ের করল দিল্লি পুলিশ। অভিযুক্তের নাম রাজেশ সাকারিয়া। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ধারা ১০৯-এর ১, ১৩২ এবং ২২১ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। সিভিল লাইনস থানায় মামলা দায়েরের পর অভিযুক্তকে হেফাজতে নিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে। মুখ্যমন্ত্রীর দফতর এই হামলাকে ‘খুনের উদ্দেশ্যে সুপরিকল্পিত ষড়যন্ত্র’ বলে দাবি করেছে।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দা দফতর এবং দিল্লি পুলিশের বিশেষ সেল।

সূত্রের দাবি, রাজেশ মঙ্গলবার সকালে রাজকোট থেকে ট্রেনে দিল্লি পৌঁছন। থাকছিলেন সিভিল লাইনসের গুজরাতি ভবনে। গুজরাটের এক বন্ধুর সঙ্গে ফোনালাপে তাঁকে বলতে শোনা যায়, ‘মুখ্যমন্ত্রীর শালিমার বাগের বাসভবনে পৌঁছে গিয়েছেন।’ যদিও পরে জানা যায়, তিনি কোনও অভিযোগপত্র বা নথি সঙ্গে নিয়ে যাননি এবং তাঁর কোনও আত্মীয় জেলে বন্দি নেই, যেভাবে প্রথমে জল্পনা ছড়িয়েছিল।

রাজেশ সাকারিয়া শুধু এই হামলায় অভিযুক্ত এমন নয়, অপরাধের রেকর্ড তার দীর্ঘ। রাজকোটের ভক্তিনগর থানার খাতায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ২০১৭ সালের এক মামলায় ৩২৬, ৫০৪, ১১৪ ধারা জেলবন্দি ছিলেন। ২০১৯ সালের ২৫ নভেম্বর তাকে মুক্তি দেওয়া হয়। ২০২০ সালের দু’টি মামলায় যথাক্রমে ২০২৩ সালের ৩ নভেম্বর ও ২৫ অক্টোবর তাঁকে খালাস করা হয়। ২০২২ সালের আর একটি মামলার বিচার এখনও চলছে।

এর পরবর্তী শুনানি নির্ধারিত রয়েছে ২০২৫ সালের ২৯ সেপ্টেম্বর। ২০২৪ সালের আর এক মামলায় ৩২৪, ৩২৩, ৫০৪, ১১৪ ধারায় তিনি একই বছরের ৭ ডিসেম্বর মুক্তি পান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার বিস্তারিত রিপোর্ট হাতে আসার পর মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা ফের খতিয়ে দেখবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

বর্তমানে রেখা গুপ্তা দিল্লি পুলিশের ‘জেড ক্যাটেগরি’র নিরাপত্তা পান। এটি কেন্দ্রীয় নির্দেশিকা অনুযায়ী নির্ধারিত, যেখানে ভিআইপি ও ভিভিআইপিদের সুরক্ষার নিয়মাবলি বর্ণিত রয়েছে।

About Post Author