Home » ছুটির রবিবারে দুর্গা কার্নিভাল রেড রোডে পুজো কার্নিভালের প্রস্তুতি তুঙ্গে

ছুটির রবিবারে দুর্গা কার্নিভাল রেড রোডে পুজো কার্নিভালের প্রস্তুতি তুঙ্গে

শনিবার কার্নিভালের পালা সব জেলা শহরে। রবিবার কলকাতার রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল। তারই প্রস্তুতি তুঙ্গে। রবিবার বিকেল সাড়ে চারটে থেকে শুরু এই কার্নিভাল। কার্নিভালে কলকাতার বড় পুজোগুলির প্রতিমা দেখার সুযোগ পাওয়া যাবে। প্রতি বছর রেড রোডে বড় করে প্রতিমা নিরঞ্জনের অনুষ্ঠানে উপস্থিত থাকেন মুখ্যমন্ত্রী নিজে। থাকেন বিদেশি অতিথিরাও। এবারও তার অন্যথা হচ্ছে না। মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায় ছাড়াও সেখানে উপস্থিত থাকবেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা-সহ একাধিক মন্ত্রী, টলিপাড়ার বিশিষ্টরা। কবি-সাহিত্যিক-চিত্র পরিচালক-খেলোয়াড়দের উপস্থিতিতে আক্ষরিক অর্থেই দুর্গা কার্নিভাল নক্ষত্র সমাবেশ। ফলে ঠাকুর দেখার পাশাপাশি কার্নিভালে উপরি পাওনা জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান।

পুজো কার্নিভাল ঘিরে রেড রোডের ব্যবস্থাপনা তুঙ্গে। ২০ হাজার দর্শকদের বসার ব্যবস্থা রাখা হচ্ছে রেড রোডে দুদিক জুড়ে কার্নিভাল দেখার জন্য। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত থেকে শুরু করে ব্র্যান্ড অ্যাম্বাসেডারদের আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ জানানো হয়েছে ইউনিসেফ-এর প্রতিনিধিদের। ৯৫ থেকে ১০০টি পুজো কমিটি এবারের কার্নিভালে অংশ নিচ্ছে। রেড রোডে যেসব ক্লাব অংশ নিচ্ছে প্রত্যেকে তৈরি করেছে ভিন্ন ভিন্ন থিম। তা মাথায় রেখেই সাজানো হচ্ছে শোভাযাত্রা। ক্লাবকর্তাদের আলাদা পোশাক, রয়েছে বিশেষ থিম সং, নৃত‌্যানুষ্ঠান। কার্নিভাল উপলক্ষে রিহার্সাল শুরু হয়ে গিয়েছে দু’দিন আগে থেকেই। রেড রোডে বর্ণাঢ‌্য এ অনুষ্ঠান দেখতে আগ্রহ তুঙ্গে আমজনতার। ফলে ভিড় সামলানোর ব্লু প্রিন্ট তৈরি করে ফেলেছে কলকাতা পুলিশও।

রবিবার রেড রোডে দুর্গাপুজোর কার্নিভালে পুলিশি মহড়া চূড়ান্ত। একের পর এক বড় দুর্গাপুজো বিকেলের মধ্যে হাজির হবে রেড রোডে। প্রতিটি পুজোয় কমপক্ষে তিনটি করে লরি। থাকবে সাংস্কৃতিক মিছিল। কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই দিন কলকাতার কয়েকটি রাস্তায় যান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। ট্র‌্যাফিক নিয়ন্ত্রণ করা হবে বিশেষ কিছু রাস্তায়। সূত্রের খবর, রবিবার, দুপুর ১২টা থেকে ৪টে পর্যন্ত এজেসি বোস রোড, নিউ রোড, লাভার্স লেন দিয়ে পণ্যবাহী গাড়ি যাতায়াত বন্ধ।

এজেসি বোস রোড ধরে এক্সাইড ক্রসিং থেকে হেস্টিংস ক্রসিং, নিউ রোড, ডাফরিন রোড, লাভার্স লেন, রেড রোড পর্যন্ত প্রতিমা নিরঞ্জনের যানবাহন বাদ দিয়ে সকল ধরনের পণ্যবাহী গাড়ি চলাচল দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়াও যানজট ঠেকাতে রবিবার দুপুরের পর এজেসি বোস রোডের ক্রসিং থেকে উত্তর দিকে হসপিটাল রোড ধরে কোনও যানবাহন চলাচল করতে পারবে না।

জওহরলাল নেহরু রোড ক্রসিং থেকে পশ্চিম দিকে মেয়ো রোড ধরে কেবল দুর্গা কার্নিভালের স্টিকারযুক্ত যানবাহন চলাচল করতে দেওয়া হবে। কাজের সুবিধার্থে শনিবার রাত ১২টা থেকে রবিবার রাত ৯টা পর্যন্ত রেড রোড যানবাহন চলাচলের জন্য বন্ধ থাকবে। প্রয়োজনে রবিবার সকাল ৯টা থেকে দুপুর ২টো পর্যন্ত রেড রোডে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

About Post Author