সানি রায়, সময় কলকাতা, ১৪ জুলাই :এবার বুলডোজার চলল উত্তরবঙ্গের ধুপগুড়িতে। ধূপগুড়ি সুপার মার্কেট চত্বরে দীর্ঘদিন ধরে সরকারি জমি দখল করে গড়ে ওঠা অবৈধ ঝুপড়ি ও অস্থায়ী দোকানের বিরুদ্ধে অবশেষে কড়া পদক্ষেপ নিল প্রশাসন। সোমবার প্রশাসনের উপস্থিতিতে বুলডোজার চালিয়ে একের পর এক অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হয়।
স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের অভিযোগ, বহু বছর ধরে সরকারি জায়গা দখল করে অপরিকল্পিতভাবে অস্থায়ী দোকান গড়ে তোলা হচ্ছিল। বিষয়টি নিয়ে বারবার অভিযোগ জানানো হলেও এতদিন কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। অবৈধ দখলদারির ফলে সুপার মার্কেট এলাকায় একাধিকবার অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ধূপগুড়ি মহকুমা শাসকের দপ্তর থেকে গত ৩ জুলাই অবৈধ দখলদারদের উদ্দেশ্যে সরকারি জমি অবিলম্বে খালি করার নোটিশ জারি করা হয়। নোটিশ পাওয়ার পর কয়েকজন স্বেচ্ছায় জায়গা খালি করলেও অনেকেই তা উপেক্ষা করেন।
এরপর সোমবার প্রশাসন উচ্ছেদ অভিযান চালিয়ে বুলডোজারের সাহায্যে সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ ঝুপড়ি ও অস্থায়ী কাঠামো ভেঙে দেয়। অভিযানের পর ধূপগুড়ি সুপার মার্কেট চত্বর অনেকটাই দখলমুক্ত হয়ে আগের খোলামেলা চেহারায় ফিরে আসে।
প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষ। তাঁদের আশা, ভবিষ্যতে যাতে সরকারি জমিতে নতুন করে অবৈধ দখল না হয়, সে বিষয়েও প্রশাসন নজরদারি বজায় রাখবে।


More Stories
গ্রেফতার তীর্থঙ্কর, পানিহাটি জানতে চায় কবে নির্মল!
ফরেস্ট ট্যাগের জেরে উন্নয়ন থেকে বঞ্চিত পানবাড়ির ডুক্পা সম্প্রদায়ের শতাধিক পরিবার
বিরিয়ানির দোকানে ভাঙচুর, উত্তেজনা শিলিগুড়িতে