পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা, ২৩ নভেম্বর : সুভাষ গুপ্তে,বেদি, প্রসন্ন, চন্দ্রশেখর, অনিল কুম্বলে, হরভজন, আশ্বিন – তালিকা বেশ দীর্ঘ। ভারতের স্পিন বোলিংয়ের ঐতিহ্য আজকের নয়। একটা সময় ছিল ভারতের স্পিন বোলিং অন্যদেশের আতঙ্ক ছিল। আর এখন ভারতীয় ঘরানাকেই কাজে লাগাচ্ছে টেস্ট ক্রিকেটে এই মুহূর্তে শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকা। তাদের দলের তিনজন স্পিনারের দুজনই ভারতীয় বংশোদ্ভুত।কেশব মহারাজ বেশ কিছুদিন ধরে দক্ষিণ আফ্রিকা দলের নিয়মিত সদস্য।সাম্প্রতিক সংযোজন সেনুরান মুথুস্বামী । স্পিনার হিসেবে বছর ছয়েক আগে তাঁর অভিষেক ঘটেছিল ভারতের বিরুদ্ধে আর অভিষেক লগ্নে বিরাট কোহলিকে আউট করে সাজঘরের রাস্তা দেখিয়েছিলেন সেনুরান মুথুস্বামী। তবে এবার ব্যাট হাতে তিনি ভারতকে কাঁদিয়ে ছাড়লেন।
যুগ পাল্টেছে। ভারতে বিশ্বমানের স্পিনার নেই বললেই চলে। ঘূর্ণি বলে যারা খেলতে সিদ্ধহস্ত ছিল সেই ভারত এখন স্পিন বল খেলায় অদক্ষ। ভারতের এই দুর্বলতা পরিষ্কার হয়ে গেছে। আর অন্য দলগুলি ভারতের সিনবলে দুর্বলতা জেনেও গিয়েছে। মুরলীথরণ বা শেন ওয়ার্ণের মত বিশ্বমানের বোলার না হয়েও এই দুর্বলতা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন এক ভারতীয় বংশোদ্ভুত। তাঁর নাম মন্টি পানেসর। বিষ দিয়ে বিষক্ষয় হচ্ছে। নিউজিল্যান্ডের আজাজ প্যাটেল ঘূর্ণি বলে হালফিলের ভারতীয় ব্যাটারদের দুর্বলতা ভয়াবহ ভাবে বুঝিয়ে দেন। আজাজকে আবার ভারতীয় বংশোদ্ভুত না বলে ভারতীয় ও বলা যায়।তাঁর জন্ম মুম্বাইয়ে। গত বছর ভারতের মাটিতে ভারতকে ৩-০ ফলে হারিয়ে সিরিজ জিতে দেশে ফেরে নিউজিল্যান্ড। সেই সিরিজে ভারত বধ করার পেছনে আজাজ প্যাটেলের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। একটি ইনিংসে তিনি ১০ উইকেট নেওয়ার কৃতিত্বও দেখান। টিমের বিরুদ্ধে ভারতের নতজানু হওয়ার, হতশ্রী হওয়ার ভাবনা কয়েক বছর আগেও অকল্পনীয় ছিল। ভারতীয় বংশোদ্ভুতরা এখন ভারতীয় ব্যাটারদের খোরাক করে ফেলেছেন। দক্ষিণ আফ্রিকার অস্ত্র এবার কেশব মহারাজ ও সেনুরান মুথুস্বামী।
গৌহাটি টেস্টে ভারতের বিরুদ্ধে যে দুজন ভারতীয় বংশোদ্ভুত স্পিনার খেলছেন তাঁদের অন্যতম কেশব মহারাজের পরিবার উত্তর প্রদেশ থেকে দক্ষিণ আফ্রিকা যায়। মুথুস্বামীর পরিবার তামিলনাড়ু থেকে দক্ষিণ আফ্রিকা যায় বিগত শতকে। তাঁদের পরিবারের বহু লোক এখনও ভারতে রয়ে গিয়েছেন।
ভারতীয় বংশোদ্ভুত এই দুই স্পিনার এবছর পাকিস্তানের মাটিতে ঘূর্ণি বলে তাঁদের দাপট দেখিয়ে এসেছেন। উপমহাদেশের মাটিতে ভারতীয়রা যে দাপট দেখাতে পারছেন না – তা দেখাচ্ছেন ভারতীয় বংশোদ্ভুত দুই স্পিনার। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতীয় বংশোদ্ভুত মুথুস্বামী ১১ উইকেট তুলেছিলেন। দ্বিতীয় টেস্টে কেশব মহারাজ পেয়েছিলেন ৯ উইকেট এবং সেই টেস্ট জিতে সিরিজে সমতা ফেরায় দক্ষিণ আফ্রিকা। সেই টেস্টে বলে দুর্দান্ত কিছু করতে না পারলেও মুথুস্বামী ৮৯ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলে তাঁর ব্যাটিং দক্ষতার প্রমাণ রাখেন। এবার গৌহাটি টেস্টে ও কুলদীপ -জাদেজা -সুন্দর দের বিরুদ্ধে অনায়াসে ব্যাট করে সেঞ্চুরি করলেন তিনি। স্পিনারদের সমীহ করেন নি তিনি, স্পিন বলের বিরুদ্ধে বিন্দুমাত্র বিব্রত দেখায়নি তাকে।গৌহাটি টেস্টের দ্বিতীয় দিনের শেষে ভারতকে চাপে খেলার মত জায়গায় দক্ষিণ আফ্রিকা, সৌজন্য ভারতীয় বংশোদ্ভুত সেনুরান মুথুস্বামী ।।


More Stories
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
কুপার কনোলি জেতালেন পাঞ্জাবকে