Home » ফিফা বিশ্বকাপ ফাইনালে জিতবে কারা? ফুটবল তারকারা ও কোচেরা কি বলছেন?

ফিফা বিশ্বকাপ ফাইনালে জিতবে কারা? ফুটবল তারকারা ও কোচেরা কি বলছেন?

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ১৯ জুলাই : ফিফা বিশ্বকাপ ২০২৬ মেগা ফাইনালে আর্জেন্টিনা বনাম স্পেন। ফুটবল জ্বরে কাঁপছে বিশ্ব। কার হাতে উঠবে কাপ? মেসি নাকি ইয়ামাল – কে বাজিমাত করবেন? কী বলছেন বিশ্বের স্বনামধন্য ফুটবল তারকারা? দুই দলের কোচ-ই বা কী বলছেন? বিশ্বকাপ ফাইনালে জিতবে কারা ?

গতবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরো চ্যাম্পিয়ন স্পেনের হাই-ভোল্টেজ ম্যাচটি নিয়ে ফুটবল বিশ্বের বড় বড় তারকা এবং সাবেক কিংবদন্তিরা ভিন্ন ভিন্ন মতামত ও ভবিষ্যৎবাণী দিয়েছেন। ফুটবল তারকাদের মধ্যে অনেকেই আর্জেন্টিনার পক্ষে বাজি ধরেছেন, অনেকের বাজির ঘোড়া স্পেন। তবে উল্লেখযোগ্য মন্তব্য এবারের বিশ্বকাপে ১০ গোল করা কিলিয়ান এমবাপ্পে-র । ফ্রান্সের  অধিনায়ক ফাইনালে লিয়োনেল মেসির গোল করার ব্যাপারে একশো ভাগ নিশ্চিত। তিনি গোল্ডেন বুটের লড়াইয়ে মেসি তাকে ছাড়িয়ে যেতে পারেন জেনেও, আর্জেন্টিনার এই জাদুকরের ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেছেন।

স্বয়ং লিওনেল মেসি কী বলেছেন? আর্জেন্টিনা দলের অধিনায়ক নিজে জানিয়েছেন যে বিগত চ্যাম্পিয়ন হিসেবে তাদের জন্য এই ম্যাচ অত্যন্ত কঠিন। তবে তারা কোনোভাবেই লড়াই করা থামাবেন না এবং মাঠে নিজেদের সেরাটা দেবেন।

ইংল্যান্ডের অতীতের তারকা ডিফেন্ডার রিও ফার্দিনান্দ    আর্জেন্টিনার শক্তির কথা মনে করিয়ে দিয়েছেন এবং টুর্নামেন্টে আর্জেন্টিনার প্রতি যারা অশ্রদ্ধা দেখাচ্ছিল, তাদের কড়া সমালোচনা করেছেন।

স্পেনের পক্ষে রয়েছেন ইংল্যান্ডের অতীতদিনের তারকা স্ট্রাইকার  রবি ফাওলার। তিনি মনে করেন ফাইনালে স্পেন আর্জেন্টিনাকে হারিয়ে দেবে। তার মতে, স্পেনের খেলার স্টাইল এবং মাঝমাঠের নিয়ন্ত্রণ তাদের শিরোপার দিকে এগিয়ে রাখবে।

স্পেনের প্রাক্তন  মিডফিল্ডার গাইজকা মেন্দিয়েতা মনে করেন আর্জেন্টিনা একটি অননুমেয় বা আনপ্রেডিক্টেবল দল হলেও ফাইনালের মঞ্চে স্পেন বাজিমাত করবে।

তবে অনেক প্রাক্তন তারকাই নিরপেক্ষ থেকে ফাইনাল ঘিরে আগাম মন্তব্য না করে কৌশলের লড়াই দেখছেন । ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনাল্ডো  ফাইনাল ম্যাচ নিয়ে দারুণ রোমাঞ্চ প্রকাশ করেছেন, যেখানে লিয়োনেল মেসির অভিজ্ঞতা বনাম স্পেনের তরুণ তুর্কি লামিন ইয়ামালের গতি ও স্কিলের এক চমৎকার লড়াই দেখা যাবে বলে তাঁর ধারণা ।

দুই দ্রোণাচার্য আর্জেন্টিনার লিওনেল স্কালোনি ও স্পেনের লুইস দে লা ফুয়েন্তে কী বলছেন? গুরু-শিষ্যের এই মগজাস্ত্রের লড়াইয়ে আর্জেন্টিনার কোচ স্কালোনি একে স্রেফ একটি ফুটবল ম্যাচ হিসেবে দেখে উপভোগ করার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে স্পেনের কোচ ফুয়েন্তে নিজেদের ফুটবল দর্শনের প্রতি বিশ্বাস রেখে সিস্টেম অনুযায়ী খেলার ওপর জোর দিয়েছেন।।

আরও পড়ুন ফিফা বিশ্বকাপ ফাইনাল : সোমবার তিন রাজ্যে স্কুল-কলেজ ছুটি

বিশ্বকাপ ফাইনালে জিতবে কারা #ফিফাবিশ্বকাপ২০২৬

About Post Author