Home » ডার্বির উত্তেজনার পারদ তুঙ্গে , বড় ম্যাচে বড় পরীক্ষা পুলিশের

ডার্বির উত্তেজনার পারদ তুঙ্গে , বড় ম্যাচে বড় পরীক্ষা পুলিশের

Oplus_131072

পুরন্দর চক্রবর্তী, দীপ সেন ও জয় ঘোষ :  বড় পরীক্ষা পুলিশের! ডার্বির উত্তেজনার পারদ বাড়ছে, দায়িত্ব বাড়ছে পুলিশের। সোমবার বিকেলে বারাসাত বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে হতে চলেছে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের মধ্যে কলকাতা ফুটবল লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ। স্বাভাবিকভাবেই কলকাতার দুই প্রধানকে ঘিরে উত্তেজনার রেশ তুঙ্গে। তবে বারাসাত বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনের ক্ষেত্রে ম্যাচটি সম্পূর্ণ অন্য মাত্রা বয়ে আনছে। বারাসাতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে চলেছে কলকাতার দুই প্রধানের ম্যাচ। আর ম্যাচটি সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার গুরু দায়িত্ব এখন বারাসাত জেলা পুলিশের উপর। রবিবার বারাসাত স্টেডিয়ামে একটি বিশেষ সাংবাদিক সম্মেলন করে বারাসাত জেলা পুলিশ ম্যাচটি সম্পর্কে তাদের ভাবনা চিন্তার কথা স্পষ্ট করে দিয়েছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বারাসাত জেলার পুলিশ সুপার জে মার্সি এবং অতিরিক্ত পুলিশ সুপার দুর্বার ব্যানার্জি সহ উচ্চ পদস্থ আধিকারিকরা ।

সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার জে মার্সি জানান, বড় ম্যাচ উপলক্ষ্যে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ প্রশাসন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান ১১০০ পুলিশ কর্মী ও আধিকারিককে নিয়োগ করা হয়েছে ম্যাচটি সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য। বাইরের জেলা থেকেও আনা হচ্ছে পুলিশ। দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও অপ্রিয় ঘটনা এড়াতে পুলিশের তরফে বিশেষ সিকিউরিটি পয়েন্টের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি যান চলাচল ও ট্রাফিক যেন বিঘ্নিত না হয় সেই জন্য পুলিশ বিশেষ ব্যবস্থা নিয়েছে। বিকেল পাঁচটা থেকে অনুষ্ঠিত হবে ম্যাচ, তিনটের সময় খুলে দেওয়া হবে বারাসাত স্টেডিয়ামের মূল গেট। ১২, ০০০ দর্শক আসন বিশিষ্ট স্টেডিয়ামে দশ হাজার দর্শকের খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে । দুই দলের সদস্যদের জন্য আলাদা আলাদা গ্যালারি সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে। তবে কিছু প্রশ্ন চিহ্ন রয়ে গিয়েছে।

শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বারাসাত স্টেডিয়ামে অগণিত দর্শক আসবে। পুলিশ স্টেডিয়ামকে ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তার কথা বললেও উত্তর ২৪ পরগনা জেলা সদর বারাসাতে সপ্তাহের প্রথম দিন জরুরী পরিষেবা গুলি কি করে নিয়ন্ত্রিত হবে সেক্ষেত্রে প্রশ্ন থাকছে। স্কুল,কলেজ, হাসপাতাল সহ বিভিন্ন জায়গায় পড়ুয়া এবং আমজনতার যাতায়াতের অসুবিধা এড়াতে পুলিশ কি ব্যবস্থা নিচ্ছে তার স্পষ্ট উত্তর অবশ্য মেলেনি।   গুরু দায়িত্ব বারাসাত জেলা পুলিশের কাঁধে,  বড় পরীক্ষা পুলিশের। এখন দেখার পুলিশ এই পরীক্ষায় লেটার মার্কস নিয়ে পাশ করে কিনা !

About Post Author