Home » ইস্টবেঙ্গল মহামেডান ম্যাচ বারাসাত থেকে সরে কল্যাণীতে

ইস্টবেঙ্গল মহামেডান ম্যাচ বারাসাত থেকে সরে কল্যাণীতে

Oplus_131072

পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা : বারাসাতে ডার্বি আয়োজন সফল হলেও পূর্ব নির্ধারিত মিনি ডার্বি বারাসাত থেকে সরিয়ে নিয়ে যাওয়া হল । সোমবার বারাসাত স্টেডিয়ামে পূর্বনির্ধারিত ইস্টবেঙ্গল বনাম মহামেডান ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে না। ম্যাচটি অনুষ্ঠিত হবে কল্যাণীতে। উৎসবের মরশুমে বারাসাতে পুলিশ নিয়োগ নিয়ে বারাসাত জেলা পুলিশের সঙ্গে আইএফএ-র আলোচনা ফলপ্রসু না হওয়ায় এরকম সিদ্ধান্ত।

বারাসাত জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উৎসবের মরশুমে ম্যাচটি কবে করা যায় তা নিয়ে আইএফএ পরবর্তী স্তরে তাদের সঙ্গে আলোচনা করেনি। জেলা পুলিশের এক উচ্চ পদস্থ আধিকারিক জানিয়েছেন, তাঁদের তরফে ১৬ তারিখ ম্যাচ করানোর কথা বলা হয়েছিল । আইএফএ পরবর্তীতে এ নিয়ে আর আলোচনা করেনি। অন্যদিকে আইএফএ সূত্রের খবর, সোমবারের মিনি ডার্বি ম্যাচ সরিয়ে নেওয়া হচ্ছে কল্যাণীতে ।আইএফএ-র পক্ষে, কারণ হিসাবে পরিবর্তন অযোগ্য ক্রীড়া সূচি এবং সময়াভাবের কথা বলা হয়েছে। জানানো হয়েছে, আইএফএ শিল্ড ও আসন্ন ফলে ম্যাচ পিছিয়ে নিয়ে যাওয়া সম্ভব ছিল না।

উল্লেখ্য, কলকাতা ফুটবল লিগের চ্যাম্পিয়নশিপ রাউন্ডের ইস্টবেঙ্গল বনাম মহামেডানের গুরুত্বপূর্ণ ম্যাচটির সম্পর্কে শনিবারই একপ্রকার সিদ্ধান্ত নেওয়া হয়। ঠিক হয়েছিল, বারাসতে না হলে ম্যাচটি হতে পারে কল্যাণী স্টেডিয়ামে। রবিবার সেই সিদ্ধান্তেই সিলমোহর দেওয়া হয়েছে। লিগের চ্যাম্পিয়নশিপ রাউন্ডে প্রথম ম্যাচে ভবানীপুরকে হারায় মহামেডান। তবে ইস্টবেঙ্গল গোলশূন্য ড্র করেছে ইউনাইটেড স্পোর্টসের সঙ্গে। ফলে গ্রুপ লীগে অপরাজিত ইস্টবেঙ্গলের কাছে এই ম্যাচটি ছিল অসীম গুরুত্বের। অন্যদিকে মহামেডান ও রাউন্ড অফ সিক্সে তাদের প্রথম ম্যাচ জিতে যাওয়ায় তারাও চ্যাম্পিয়নশিপের দৌড়ে ইস্টবেঙ্গল-এর ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। প্রসঙ্গত, বারাসাত স্টেডিয়ামে বারাসাত জেলা পুলিশ মোহনবাগান বনাম ইস্টবেঙ্গলের বড় ম্যাচ সফলভাবে আয়োজন করেছিল। প্রাথমিকভাবে ১১০০ পুলিশের কথা বলা হলেও, বারাসাত জেলা পুলিশ সূত্রের খবর অনুযায়ী মোট ১৪০০ পুলিশকে মোতায়েন করা হয়েছিল। মিনি ডার্বিতেও উত্তর ২৪ পরগনা জেলার সদর শহর বারাসাতে বিরাট সংখ্যক পুলিশের প্রয়োজন রয়েছে। সেক্ষেত্রে দুপক্ষের  আলোচনা ফলপ্রসু না হওয়ায় বারাসাত থেকে ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে কল্যাণীতে।।

About Post Author