Home » বাবরি মসজিদ : কী গড়তে চাইছেন হুমায়ুন কবীর

বাবরি মসজিদ : কী গড়তে চাইছেন হুমায়ুন কবীর

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক : বিতর্ক যেন পিছু ছাড়ে না। তবুও বাবরি মসজিদ নামটির সঙ্গে যেন জড়িয়ে আছে গড়া ভাঙার সম্পর্ক। বঙ্গের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর মুর্শিদাবাদে  গড়তে চাইছেন বাবরি মসজিদ। বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলছেন, ভাঙা -গড়া তো আমাদের কাজ, যা করব আমরাই। আইনশৃঙ্খলা অবনতি হতে পারে এই আশঙ্কায় রাজ্যপাল হুমায়ুন কবীরকে গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন। কী চাইছেন হুমায়ুন কবীর? কী গড়তে চাইছেন হুমায়ুন কবীর ?  নেপথ্যের অঙ্কই বা কী?

হুমায়ুন কবীর বলছেন, আগামী ৬ ডিসেম্বর বেলডাঙায় বাবরি মসজিদের শিলান্যাস করবেন। মুর্শিদাবাদের বেলডাঙায় মসজিদের নির্মাণ করতে যান তিনি। জমি জোগাড় হয় নি, প্রশাসনকে দুষছেন তৃণমূল নেতা। শুধু তাই নয়, শীর্ষ প্রশাসনিক আধিকারিককে নিগ্রহের খোলা হুমকি দিয়েছেন তিনি। তিনি যা যা বলছেন তার ছত্রে ছত্রে হুঙ্কার ও ভীতি প্রদর্শন। তিনি বলছেন, এসডিপিও উত্তম গড়াইয়ের কলারে হাত পড়তে পারে তাঁর। তিনি বলছেন, আগামী ৬ ডিসেম্বর রেজিনগর থেকে বহরমপুর তাঁর দখলে থাকবে। তাঁর সঙ্গে লক্ষাধিক সংখ্যালঘু থাকবে বলে তিনি জানিয়েছেন। আর এরকম আবহে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কায়  রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্যকে হুমায়ুন কবীরকে গ্রেফতার করার পরামর্শ ও নির্দেশ দিয়েছেন। সূত্রের খবর রাজ্য সরকার ব্যবস্থা না নিলে বিধায়ককে গ্রেফতার করার ক্ষেত্রে তিনি নিজেই উদ্যোগী হতে পারেন।

অযোধ্যায় বাবরি মসজিদ গড়েছিলেন মীর বাকি। তিনি ছিলেন বাবরের সেনাপতি। বাবরের নামে গড়ে উঠেছিল মসজিদ। ধার্মিক হিন্দু লোকমত ও বিশ্বাস, এখানে জন্ম হয়েছিল রামায়ণের শ্রী রামচন্দ্রের। মসজিদের জায়গায় ছিল রাম মন্দির আর ধ্বংস করা রাম মন্দিরের ভিতের ওপরেই প্রতিষ্ঠিত হয়েছিল মসজিদ। আর ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ভেঙে দেয় কর সেবকরা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে অশান্ত হয়ে ওঠে ভারত।সহস্রাধিক মানুষের দাঙ্গায় মৃত্যু হয়। ২০১৯ সালে মসজিদের জায়গায় রাম মন্দির গড়ার নির্দেশ দেয় এবং মুসলিমদের জন্য অন্যত্র ৫ একর জমি মসজিদ গড়ার জন্য দেওয়ার নির্দেশ দেয়। ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংস হওয়ার  ৩৩ বছর পরে, কেন বঙ্গে বাবরি মসজিদ গড়তে চাইছেন হুমায়ুন?

প্রসঙ্গত মুসলিম ধর্মেনেতাদের অনেকেই চাইছেন না, মুর্শিদাবাদে বাবরি মসজিদ গড়ে উঠুক। তাঁরা বুঝতেই পারছেন না অযোধ্যা থেকে হাজার হাজার কিলোমিটার দূরে কী গড়তে চাইছেন হুমায়ুন কবীর!

উল্লেখ্য, গত এক দশকে চারবার দল বদলেছেন হুমায়ুন কবীর। কংগ্রেস,সমাজবাদী পার্টি, বিজেপি ও একাধিকবার তৃণমূলে যোগদান, বহিস্কার ও যোগদানের মধ্যে দিয়ে এগিয়েছে তাঁর রাজনৈতিক ক্যারিয়ার। কিছুদিন আগেই  তিনি বলেছিলেন “আমাকে দল থেকে বের করে দেওয়া হোক। আমি বেরিয়ে যেতে চাইছি। তারপর আমি বোঝাবো এই জেলার রাজনীতি কাকে বলে।”  তিনি আগেও তৃণমূল বিরোধী কথাবার্তা বলেছেন। তিনি দল ছাড়ার হুমকি দিয়েছেন। এবার দলকে কার্যত সরাসরি চ্যালেঞ্জ করেছেন তিনি । একথাও প্রসঙ্গত উল্লেখযোগ্য, তাঁকে সরাসরি অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমিন এ যোগদানের প্রস্তাব দিয়েছিলেন দলের প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। সব মিলিয়ে তৃণমূল কংগ্রেসকে সর্বক্ষণ অস্বস্তিতে রাখছেন তিনি। তৃণমূলের সংহতি দিবসের দিনে তিনি জাতীয় সড়কের দখল নিতে চাইছেন ধর্মীয় মোড়কে।

আগেও তিনি নির্দল হয়ে লড়েছেন, দলে মুর্শিদাবাদে কিছুটা হলেও তিনি একঘরে। তিনি দল বদলের রাজনীতিতে বিশ্বাস করেন কিন্তু তাঁর অতীত অভিজ্ঞতা তাঁকে শিক্ষা দিয়েছে একলা চলো রে বললেই হবে না। পিছনে রাজনৈতিক দল অথবা প্রচুর মানুষের সমর্থন তার দরকার। তাঁর প্রতিটি পদক্ষেপে প্রমাণ তিনি শুধুমাত্র ধর্মীয় বা আধ্যাত্বিক ধ্যান-ধারণায় বিশ্বাসী হয়ে বাবরি মসজিদ নির্মাণের কথা বলছেন না। তিনি মনে করছেন, ধর্মীয় তাস খেলতে হবে। তিনি মনে করছেন, তাঁর কথা ও কাজে রাজ্য- জেলা অশান্ত হয়ে উঠলে আখেরে লাভ তাঁর। সেক্ষেত্রে বিশেষ একটি গোষ্ঠীর সমর্থন পাবেন তিনি যা তাঁকে প্রভূত ক্ষমতার অধিকারী করবে।  ধর্মভিত্তিক রাজনৈতিক জননেতা হতে চান তিনি যা তাঁর এতদিনের একমাত্র রাজনৈতিক পরিচয় ছিল না। ধর্মের কার্ড সরাসরি খেলেন নি বলেই তিনি জেলার রাজনীতির রং পাল্টাতে পারেননি বলেই তাঁর বিশ্বাস। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বাবরি মসজিদ গড়ার তত্ত্বে মুর্শিদাবাদের হিন্দু ভোট এককাট্টা হবে। তৃণমূলের ক্ষতি ও বিজেপির লাভে রাজনৈতিক মেরুকরণ ঘটলে সরাসরি বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক সমরে নামতে পারবে সংখ্যালঘু সমর্থিত রাজনৈতিক দল। সেরকমই শক্তির কান্ডারী হতে চান হুমায়ুন কবীর।

এককথায় -বাবরি মসজিদ নয়, ধর্মীয়ভাবে সমর্থনপুষ্ট রাজনৈতিক দলের সংজ্ঞা গড়তে চান হুমায়ুন কবীর, এই দলের নেতা হিসেবে নিজেকেই গড়ে তুলতে চান তিনি  মুর্শিদাবাদের সংখ্যালঘু অধ্যুষিত  এলাকায়।  হুমায়ুন কবীর এতদিন একদল থেকে আরেক দলে ঘুরে বেড়িয়ে এবার মন স্থির করে করে ফেলেছেন।।

কী গড়তে চাইছেন হুমায়ুন কবীর #হুমায়ুনকবীর #বাবরিমসজিদ

About Post Author