সময় কলকাতা ডেস্ক, ৮ ফেব্রুয়ারি : স্যাম কারেনের শেষ ওভারে দরকার ছিল মাত্র ১০ রান। কিন্তু কারেনের এবং ইংল্যান্ড দলের অভিজ্ঞতার কাছে হারতে হল আন্তর্জাতিক ক্রিকেটে অনভিজ্ঞ নেপালকে। শেষ ওভারের প্রথম পাঁচ বলে চার রান ওঠায় শেষ বলে স্ট্রাইকার এন্ডে থাকা লোকেশের দরকার ছিল ওভার বাউন্ডারি কিন্তু একরানের বেশি দেন নি কারেন।তীরে এসে তরী ডুবল নেপালের কিন্ত ইংল্যান্ডের ৭ উইকেটে ১৮৪ রানের জবাবে দুর্দান্ত ভাবে তাড়া করে ৬ উইকেটে ১৮০ রান করে তারা বুঝিয়ে দিল নেপাল দ্রুত উঠে আসছে। গত দুবছরে ক্রিকেটে নেপালের যে বিস্ময়কর অগ্রগতি হয়েছে তা বলাই বাহুল্য। বেথেল – ব্রুকদের অর্ধশতরান ও উইলস জ্যাকসের শেষ দিকে মরিয়া ব্যাটিংয়ের সৌজন্যে ইংল্যান্ড বড় রান করেও স্বস্তিতে ছিল না, সারাক্ষন নেপাল নিজেদের স্কোরবোর্ড সচল রেখেছে। শেষ তিন ওভারে দরকার ছিল ৪৫ রান। এরকম মোক্ষম সময় লোকেশ ইনিংসের ১৮তম ওভারে জোফরা আর্চারকে তিন-তিনবার ছয় মারলেন।আর্চার শুধু নয় , টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা স্পিনার রশিদ কে নিয়ে ছেলেখেলা করলেন নেপাল অধিনায়ক রোহিত ও তাঁর দলবল। নেপাল হারলেও দাগ কেটে গেল, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে তাদের পারফরম্যান্স ছুঁয়ে গেল মন। এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ বুঝিয়ে দিচ্ছে যে, কুড়ি ওভারের খেলায় ছোট দল কেউ নয়, কাউকে অবহেলা করা যাবে না। প্রতি ম্যাচে সেকথাই বুঝিয়ে দিচ্ছে নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, যুক্তরাষ্ট্র, নেপাল।।
More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার