সময় কলকাতা ডেস্ক, ৭ ফেব্রুয়ারি : একদিন আগেই সূর্যবংশী তান্ডব দেখিয়েছেন ছোটদের বিশ্বকাপে। পরের দিন বড়দের বিশ্বকাপে দাপট দেখালেন সূর্যকুমার। সূর্যের তেজেই জয় দিয়েই টি টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত। টসে হেরে ব্যাট করতে নামা ভারতের শুরু মোটেই ভালো হয় নি। নিজের প্রথম বলেই আউট হন অভিষেক। ঈশান – তিলক সামলাতে চেষ্টা করলেও দুজনেই পাওয়ার প্লে শেষ হওয়ার মুখে আউট হয়ে যান। দুবে প্রথম বলে আউট হওয়ার পরে, রিঙ্কুও রানের গতি বাড়াতে পারেন নি। রিঙ্কুর পরে হার্দিক যখন দ্রুত আউট হন তখন ১৩ তম ওভারে ভারতের স্কোর ছিল ৬ উইকেটে ৭৭। অতঃপর একার কাঁধে যাবতীয় দায়িত্ব নিয়ে ঘোর সংকট থেকে দলকে উদ্ধার করেন অধিনায়ক সূর্য। ইনিংসের শেষদিকে তার ব্যাট থেকে বের হয়ে আসে অবিশ্বাস্য কিছু সুইপ ও ইম্প্রোভাইসড শট। তাঁর ৪৯ বলে অপরাজিত ৮৪ রানের সুবাদে ভারত কুড়ি ওভারে ৯ উইকেটে ১৬১ রান তোলে। পাল্টা ব্যাট করতে নামা যুক্তরাষ্ট্রকে প্রাথমিক ঝটকা দেন সিরাজ -আরশদীপ। ১২ রানের মধ্যে ৩ উইকেট হারানো যুক্তরাষ্ট্র পরেরদিকে ঘুরে দাঁড়াতে চেষ্টা করলেও ১৬ তম ওভারে পরপর দুটি উইকেট নিয়ে অক্ষর প্যাটেল ম্যাচের ভাগ্য কার্যত নির্ধারণ করে ফেলেন। ২৯ রানে ৩ উইকেট নিয়ে ভারতীয় বোলারদের মধ্যে সেরা সিরাজ।।
More Stories
ছিন্নমূলদের আত্মসম্মান ও অহংকারের নাম ইস্টবেঙ্গল, বললেন মন্ত্রী শঙ্কর ঘোষ
বিশ্বকাপে ইতালির ট্র্যাজিক নায়ক ফ্রাঙ্কো বারেসি প্রয়াত
ভারতের সর্বকালের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক রাহানের প্রস্থান, অবসর আন্তর্জাতিক ক্রিকেট থেকে