Home » লিগের খেলা সুসম্পন্ন করে বারাসাত স্টেডিয়াম দিল ডার্বির বার্তা

লিগের খেলা সুসম্পন্ন করে বারাসাত স্টেডিয়াম দিল ডার্বির বার্তা

Oplus_131072

পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা, ৭ অগাস্ট : বারাসাত স্টেডিয়ামে প্রবল হয়ে উঠল মোহনবাগান ইস্টবেঙ্গল দলের মধ্যে ম্যাচ হওয়ার সম্ভাবনা। শুক্রবার বারাসাতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনের নতুন কলেবরে প্রথম ম্যাচ বার্তা দিল বারাসাতের মাঠ প্রস্তুত।

বৃহস্পতিবার টানা রাতভর বৃষ্টি, সকালেও অঝোর ধারে বৃষ্টি। কলকাতা শহরতলী এবং বারাসাত জুড়ে বৃষ্টি। বৃষ্টিতে হাঁটু পর্যন্ত জল বারাসাতের বিভিন্ন জায়গায় আর তার মাঝে মরীচিকায় মরুদ্যানের মত বারাসাত স্টেডিয়াম। এক ফোটা জমা জল ছিল না নতুন করে বসানো ঘাসের মাঠে। বারাসাত যেন বিকেলে আলো ঝলমলে হয়ে উঠল বারাসাত বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনের সৌজন্যে।

বারাসাত স্টেডিয়ামের মাঠে কলকাতা লিগের ম্যাচ ছিল ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব ও ঐতিহ্যবাহী খিদিরপুরের মধ্যে। দুদলের কাছে যত না বড় পরীক্ষা ছিল এই ম্যাচ তারচেয়ে বড় পরীক্ষা ছিল বারাসাত স্টেডিয়ামের খেলার সংগঠকদের কাছে। নতুন করে সেজে ওঠা বারাসাত স্টেডিয়ামের সাম্প্রতিক সময়ে এটাই ছিল বড় ম্যাচ। কলকাতা লিগের ম্যাচটি যথার্থভাবে আয়োজন করে সসম্মানে অগ্নিপরীক্ষায় উত্তরে গেল বারাসাত স্টেডিয়াম। মাঠ, গ্যালারি এবং সার্বিক ব্যবস্থা নিখুঁত রেখে লেটার সহ ফুল মার্ক্স্। এই মাঠে রয়েছে ডার্বির সম্ভাবনা সেই সম্ভাবনাকে আরো প্রবল করে তুলল বারাসাত স্টেডিয়ামের উদ্বোধনী ম্যাচ। আই এফ এ কর্তৃপক্ষের পাশাপাশি বারাসাত বিধানসভা কেন্দ্রের বিধায়ক সংকর চ্যাটার্জী ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত মাঠে থেকে নজর রাখলেন খেলার দিকে। বিধায়ক মারফত জানা গেল,আই এফ এ সেক্রেটারি অনির্বাণ দত্ত ম্যাচ সুসম্পন্ন হওয়ার শুভেচ্ছা জানিয়েছেন।

বারাসাত স্টেডিয়ামের গৌরব পুনরুদ্ধারের দিনে খিদিরপুর ও ইউনাইটেড কলকাতা স্পোর্টসের খেলার ফল ১-১। ৮ মিনিটের মাথায় ইউনাইটেড স্পোর্টসের হয়ে জিয়াবুল গোল করে দলকে এগিয়ে দেন। তবে দ্বিতীয়ার্ধে, ৫৮ মিনিটে সৌভিকের দৃষ্টিনন্দন গোলে সমতা ফেরায় খিদিরপুর। খেলার শেষে খিদিরপুরের কোচ মেহতাব হোসেন এবং ইউনাইটেড কলকাতা স্পোর্টসের তারকা জভি জাস্টিন মেনে নিয়েছেন ডার্বি খেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত বারাসাত মাঠ ও স্টেডিয়াম। মাঠের দায়িত্বে থাকা বিজেপি নেতা দীপ্ত লস্কর ও বিধায়ক শঙ্কর চ্যাটার্জী দাবি করেছেন, বারাসাতে ডার্বি হবেই।পরিশেষে একথাও বলা প্রয়োজন মাঠে কিন্তু দর্শক হয়েছিল যথেষ্ট। ডার্বির আগে শুভ ইঙ্গিত দিচ্ছে নতুন কলেবরে গড়ে ওঠা বিদ্যাসাগর ক্রীড়াঙ্গন। প্রবল বর্ষার মধ্যে ভরসা দিতে চাওয়া মাঠের প্রতিটি ঘাস বলছে তারা প্রস্তুত।।

About Post Author