Home » চোরদের স্বর্গরাজ্য! চোর গাঁটকাটাদের মুক্তাঞ্চল গয়েরকাটা!

চোরদের স্বর্গরাজ্য! চোর গাঁটকাটাদের মুক্তাঞ্চল গয়েরকাটা!

সানি রায় ও পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা : এই রাজ্যে অন্তত একটি এমন একটি স্থান আছে যা চোরদের যেন মাতুলালয় , সেখানে তারা নির্ভয়ে তাদের জাত ব্যবসা চালিয়ে যেতে পারে! তারা বুক বাজিয়ে সেখানে বলতে পারে, আমরাই এখানে শেষ কথা! উত্তরবঙ্গের গয়েরকাটা পুলিশের নজরদারির অভাবে চোরদের স্বর্গরাজ্য। কার্যত চোর গাঁটকাটাদের মুক্তাঞ্চল গয়েরকাটা !গয়েরকাটা এখন যেন গাঁটকাটা আর চোর- অধ্যুষিত। চোরদের মুক্তাঞ্চলে মুক্ত বিভঙ্গের মতো তাদের বিচরণ। গা ঢাকা দেওয়ার জন্য বা চুরির জন্য এখন চোরেদের আর রাতের অন্ধকারেরও দরকার পড়ছে না। ভোরবেলা লুট করে পার পেয়ে যাচ্ছে, সন্ধ্যেবেলা আবার বাড়িতে চুরির চেষ্টা করছে। একদিনে তিন জায়গায় হানা! আর বিন্নাগুড়ি আউট পোস্টের পুলিশ উদাসীন। মানুষ এখন নিজেরাই নিজেদের বাক্স প্যাঁটরা বাঁচাতে ব্যস্ত

উল্লেখ্য, মঙ্গলবার ভোরে গয়েরকাটা হনুমান মন্দিরে তালা ভেঙে ঢুকে পড়ে দুষ্কৃতীরা। সিসিটিভি ফুটেজে সব ধরা পড়েছে। মুখ ঢেকে এক চোর ভিতরে ঢুকছে, বাইরে ধারালো ছুরি হাতে পাহারা দিচ্ছে আরেক চোর। দীর্ঘদিন না খোলা দানবাক্স ভেঙে ৪০ থেকে ৫০ হাজার টাকা নিয়ে চম্পট। প্রায় একই সময়, ভোর বেলায় শ্মশান সংলগ্ন দোকানেও লুট। বৈদ্যুতিক সরঞ্জাম ও ক্যাশ বাক্স থেকে প্রায় ১১ হাজার টাকা নিয়ে পালালো চোরের দল। পুলিশ উদাসীন জেনে চোর ও লুটেরা রাত রীতিমতো লাগামছাড়া। থেমে থাকার নাম নেই তাদের। সন্ধ্যেবেলা গয়েরকাটায় একটি বাড়িতে চুরির চেষ্টা! বাড়িতে লোক নেই বুঝেই ঢুকতে গিয়েছিল চোরেরা। এলাকার লোকের তৎপরতায় সেদিন চোর পালাতে বাধ্য হয়। পুলিশের জন্য নয়, মানুষের জন্যই সেদিন চুরি আটকালো।

গয়েরকাটা যে পুলিশের অধীনে সেই বিন্নাগুড়ি আউট পোস্টের দাবি, রাতে টহল হয়। কিন্তু গয়েরকাটাবাসীর প্রশ্ন একটাই টহল যদি ঠিকমতো হয়, তাহলে এত চোরদের এত বাড়বাড়ন্ত কেন! রাত টহলের সময় পুলিশ কি ঘুমিয়ে পড়ে ভ্রাম্যমান গাড়ির মধ্যে? এও প্রশ্ন উঠছে পুলিশ কি শুধু হেলমেটের ফাইন দিতেই ব্যস্ত? এলাকাবাসীর বক্তব্য, হেলমেট ছাড়া দ্বিচক্রযানের আরোহী  ধরা ছাড়া বিন্নাগুড়ির পুলিশের কোন কাজই বিগত বছর কালের মধ্যে তাঁরা দেখেননি।

এলাকাবাসীর অভিযোগ, এই হনুমান মন্দিরে এর আগেও চুরি হয়েছে। বাদ যায়নি কালী মন্দিরও। মন্দিরে সিসিটিভি বসিয়েও লাভ নেই। চোর মুখ ঢেকে আসে। মন্দিরগুলোও আজ সুরক্ষিত নয়।এলাকাবাসীর আরও অভিযোগ, গয়েরকাটায় চুরির কোনও হিসেব নেই। মদের দোকান পর্যন্ত বাদ পড়েনি। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও চুরি হচ্ছে।

অথচ গয়েরকাটায় কোনও আউট পোস্ট নেই। যেটা আছে, তা নামমাত্র একটা পুলিশ ক্যাম্প, তাও গ্রাম পঞ্চায়েত অফিসের ভিতরে।প্রশ্ন উঠছে — এই ক্যাম্প কি সাধারণ মানুষের জন্য, নাকি শুধু পঞ্চায়েত প্রধানদের নিরাপত্তা দিতেই বসানো হয়েছে!

গয়েরকাটায় পূর্ণাঙ্গ ফাঁড়ির দাবি দীর্ঘদিনের। বিগত তৃণমূল সরকারের আমলে সরকার কথা দিয়েও কথা রাখেনি। এই দাবি নিয়ে একসময় খুব তোলপাড় করেছিল বিজেপি। কিন্তু ক্ষমতায় আসার ছয় মাস পেরিয়ে গেলেও  গয়েরকাটার দাবি ও প্রয়োজন যেন হাওয়ায় মিলিয়ে গিয়েছে। এখানের মানুষ এখন আর আশ্বাস চান না,  চান প্রকৃত বাস্তবমুখী পদক্ষেপ ও আইন-শৃঙ্খলা রক্ষায় বিন্নাগুড়ির পুলিশের আগ্রহ এবং সচেতনতা! মানুষ চান পুলিশ একটু কম নিদ্রা দেবীর আরাধনা করুন, মন দিন কর্তব্যে!

চোর গাঁটকাটাদের মুক্তাঞ্চল গয়েরকাটা #গয়েরকাটা

About Post Author