Home » গঙ্গাবক্ষে শীতাতপ নিয়ন্ত্রিত লঞ্চ ভ্রমণের জন্য মাথা পিছু এক ঘন্টায় লাগবে ১৯০ টাকা

গঙ্গাবক্ষে শীতাতপ নিয়ন্ত্রিত লঞ্চ ভ্রমণের জন্য মাথা পিছু এক ঘন্টায় লাগবে ১৯০ টাকা

সময় কলকাতা ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান শহর কলকাতাকে আরও সুন্দর করে সাজিয়ে তুলে দেশ-বিদেশের পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে। সেই লক্ষ্যেই গঙ্গার দুই পাড়ে একদিকে কলকাতা অন্যদিকে হাওড়ার অংশে বিউটিফিকেশনের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আগামী দিনে কলকাতার এবং হাওড়ার গঙ্গার দুই পাড়ের ঘাটগুলিকে সুন্দর করে সাজিয়ে তুলে তা সাধারণ মানুষ ও দেশ-বিদেশের পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। ব্রিটেনের টেমস নদীতে যেমন নানান ধরনের ওয়াটার স্পোর্টস এর ব্যবস্থা রয়েছে তেমনি তিলোত্তমার গঙ্গাতেও ওয়াটার স্পোর্টস শুরু করার চিন্তাভাবনা শুরু করেছে রাজ্য সরকার। এদিন ভ্রাম্যমান কুড়িটি আসনবিশিষ্ট শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক মানের লঞ্চ সাগরীর শুভ সূচনা করে এমনটাই জানালেন রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম।

এদিন, এই অনুষ্ঠানে পরিবহন মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য পরিবহণ নিগমের চেয়ারম্যান মদন মিত্র, ডাবলু বি ডি সি এর ম্যানেজিং ডিরেক্টর রাজভীর সিং কাপুর সহ একাধিক আধিকারিকরা।

প্রসঙ্গত, এই সাগরি শীতাতপ নিয়ন্ত্রিত লঞ্চটিতে ভ্রমণের জন্য ব্যক্তি পিছু 190 টাকা এক ঘন্টার জন্য ভাড়া ধার্য করা হয়েছে। যার মধ্যে বিনামূল্যে চা বিস্কুট পানীয় জলের ব্যবস্থা রাখা হয়েছে। পারিবারিক অনুষ্ঠানে বা নিজেদের মতো করে ঘোরার জন্য পুরো লঞ্চটি এক ঘন্টার জন্য ভাড়া নিলে দিতে হবে মাত্র 3 হাজার 600 টাকা। এছাড়া যে কোন অনুষ্ঠানের ক্ষেত্রে নিজস্ব খাওয়া-দাওয়া এমনকি নিজস্ব ক্যাটারিং এনে এখানে রান্নাবান্না করারও ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানানো হয়েছে রাজ্য পরিবহণ নিগমের পক্ষ থেকে।

About Post Author