সময় কলকাতা ডেস্ক: মুসলিম ভাইয়ের দান করা জমিই হিন্দু ভাইয়ের শ্মশানে যাওয়ার রাস্তা হয়ে উঠল। উত্তর ২৪ পরগনার বসিরহাটের মথুরাপুর ও গোবিন্দপুর সংযোগস্থলের ভদ্রাখালের পাড়ে তৈরি হল শবদাহের শ্মশান।

ভারত ধর্ম নিরপেক্ষ দেশ। এখানে সব ধর্মের মানুষেরাই মিলেমিশে থাকেন। কিন্তু এই ধর্ম নিরপেক্ষতার তত্ত্বকেই যেন বারবার মুখ থুবড়ে পড়তে হয় বিভিন্ন সময়ে। প্রশ্নের মুখে দাঁড়িয়ে পড়ে এক বৃন্তে দুটি কুসুমের তত্ত্বটিও। তবে এসবের মাঝেই এই ধর্ম নিরপেক্ষ দেশের আরও একবার প্রমাণ মিলল উত্তর ২৪ পরগনার বসিরহাটের ২ নম্বর ব্লকের খোলাপোতা গ্রাম পঞ্চায়েত এলাকা। মুসলিম ভাইয়ের দান করা জমিই হিন্দু ভাইয়ের শ্মশানে যাওয়ার রাস্তা হয়ে উঠল। বসিরহাটের মথুরাপুর ও গোবিন্দপুর সংযোগস্থলের ভদ্রাখালের পাড়ে ১ বিঘা জমির ওপর বৈতরণী প্রকল্পের উদ্যোগে শবদাহের জন্য শ্মশান পেলেন প্রায় ৮ লক্ষ মানুষ। আরও একবার সম্প্রীতির বার্তা পৌঁছে গেল সমাজে।

স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল একটি শ্মশানের। কাছে কোথাও শবদাহের জায়গা না থাকায় কখনও ২০ কিলোমিটার আবার কখনও ৩০ কিলোমিটার দূরে যেতে হত শবদাহ করার জন্য। উপায় না পেয়ে কখনও কখনও ফাঁকা মাঠেই শবদেহ পুতে দিতেন স্থানীয়রা। এই সমস্যার সমাধানে প্রায় ৯ বছর আগেই শ্মশান তৈরির উদ্যোগ নেয় স্থানীয় প্রতিনিধিরা। কিন্তু, কাজ থমকে যায় শ্মশানে যাওয়ার রাস্তা না পাওয়ার কারণে। কিন্তু ১ বছর আগে সেই সমস্যারই সমাধান করেন পাঁচ মুসলিম ভাই। শ্মশানের মূল প্রাঙ্গণ পর্যন্ত প্রায় ৪০০ মিটার জমি দান করে শ্মশানে যাওয়ার রাস্তা না থাকার সমস্যাটি দূর করেন তাঁরা। আগামী ১৩ জ্যৈষ্ঠ সেই শ্মশানেরই শুভসূচনা করা হবে। করানো হবে বাল্যভোজনও। এখন সরকারের কাছে আর্জি একটাই ইলেকট্রিক চুল্লির ব্যবস্থা করা হোক।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী