বিশ্বজিত হীরা, সময় কলকাতা ডেস্কঃ বেশ কয়েক সপ্তাহ ধরে জল্পনা চলছিল গুজরাটের পতিদার নেতা হার্দিক প্যাটেল কোন দলে যোগদান করবেন। ২০১৫ সালের জুলাই মাসে গুজরাটে পতিদার আন্দোলন ছড়িয়ে পড়েছিল। পতিদারদের সংরক্ষণের জন্য মূলত এই আন্দোলন শুরু হয়েছিল ।যে আন্দোলনে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন হার্দিক পাটেল। সেই সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের নজরে কাড়েন হার্দিক পাটেল। একাধিক রাজনৈতিক দলে যোগদানের প্রস্তাব আসে তার কাছে।
২০২০ সালে হার্দিক পাটেল জাতীয় কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন, যোগদান করেন জাতীয় কংগ্রেসে। পতিদার আন্দোলনের নেতাকে তাই প্রথমেই গুজরাট প্রদেশ কংগ্রেসের ওয়ার্কিং প্রেসিডেন্ট করা হয় কংগ্রেসের তরফ থেকে। তখন থেকেই কংগ্রেসের হয়ে একাধিক আন্দোলনে নেতৃত্ব দিতে দেখা যায় হার্দিক প্যাটেলকে। কিন্তু গত মে মাসে আচমকাই ছন্দপতন ঘটে। দলের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্ব আর সেই অর্থে পার্টিতে গুরুত্ব না পাওয়ার কারণে চলতি বছরের মে মাসেই কংগ্রেসের সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করেন হার্দিক পাটেল। তখন থেকেই জল্পনা চলছিল হার্দিক পাটেল আবার কোন রাজনৈতিক দলে যোগদান করতে চলেছেন।
বৃহস্পতিবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন হার্দিক পাটেল। আমেদাবাদের পার্টি অফিসে তাকে স্বাগত জানান রাজ্য বিজেপি সভাপতি সি আর পাটিল এবং বর্ষীয়ান নেতা নীতিন প্যাটেল। তবে অনুষ্ঠানে বহু বিজেপি নেতৃত্ব অংশগ্রহণ করেনি। কি কারনে সেটা এখনো অস্পষ্ট। প্রসঙ্গত চলতি বছরের ডিসেম্বরে গুজরাটে বিধানসভা নির্বাচন। গুজরাটের ভোটে পতিদারদের ব্যাপক প্রভাব রয়েছে। সে ক্ষেত্রে হার্দিক পাটেল এর বিজেপিতে যোগদান করাটা গুজরাট বিজেপিকে কিছুটা হলেও এগিয়ে রাখবে। এদিন বিজেপিতে যোগ দেওয়ার আগে হার্দিক প্যাটেল স্বামীনারায়ণ মন্দিরে পুজো দিয়ে আমেদাবাদের পার্টি অফিসে আসেন।


More Stories
বিরল রোগে মরণাপন্ন আফগান পেসার দিল্লির
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
বারাসাত বিজেপিতে ভাঙন, দল ছাড়লেন তাপস মিত্র