Home » চোখের চিকিৎসা করাতে গিয়ে কেন্দ্রকে তোপ অভিষেকের

চোখের চিকিৎসা করাতে গিয়ে কেন্দ্রকে তোপ অভিষেকের

সময় কলকাতা ডেস্কঃ চোখের চিকিৎসার জন্য সস্ত্রীক দুবাই গিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাঁর এই দুবাই সফর নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়েছিল ইডি। এরপরই ইডির এই নির্দেশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হলে হাইকোর্ট তাঁকে চিকিৎসার জন্য দুবাই যাওয়ার অনুমতি দেয়। এরপর অভিষেকের ওপর সংযুক্ত আরব আমিরশাহি সরকারকে নজর রাখার আবেদন জানিয়েছে ইডি। সেই নিয়েই মোদী সরকারকে কটাক্ষের সুর চড়ালেন অভিষেক। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

মঙ্গলবার দুপুরে একটি টুইট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে মোদী সরকারকে কটাক্ষ করেন অভিষেক লেখেন, ‘একই পরিশ্রম ও যত্নের সঙ্গে যদি নীরব মোদী ও বিজয় মাল্যর ওপর নজর রাখত মোদী সরকার, তাহলে দেশের মানুষের ৩০ হাজার কোটি টাকা ফিরে আসত।’ পাশাপাশি তিনি মোদী সরকারকে তোপ দেগে বলেন,’ আমার ওপর নজর রাখতে গিয়ে নরেন্দ্র মোদী সরকার এটাই ভুলে যাচ্ছে যে গোটা দেশই তাঁর ওপর নজর রাখছে।’

উল্লেখ্য,চোখের চিকিৎসা করাতে দুবাই যাওয়া নিয়ে ইডি আশঙ্কা প্রকাশ করলেও অভিষেককে দুবাই যাওয়ার অনুমতি দেয় আদালত। তবে অভিষেককে বিমানের টিকিট,হোটেলের ফোন নম্বর এবং হাসপাতালের নাম ইডির কাছে জমা দিতে বলা হয়।

এ বিষয়ে আদালতের অনুমতি না পেলেও, আরব আমিরশাহি সরকারের কাছে অভিষেককে নজরবন্দি রাখার আবেদন করে ইডি। তা নিয়ে নতুন করে বিতর্কের দানা বাঁধে। কোনও স্বাধীন দেশের জনপ্রতিনিধির ওপর এভাবে অন্য একটি দেশের সরকার নজরদারি চালাতে পারে কিনা, তা নিয়েও প্রশ্ন ওঠে।

About Post Author