Home » ৩০ টাকায় কোটি টাকা !

৩০ টাকায় কোটি টাকা !

অমলেন্দু মণ্ডল, বীরভূম, সময় কলকাতাঃ ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন। কার্যত সেই কথাই সত্যি হলো পেশায় ভাংড়ী ওয়ালার (পুরনো কাগজ ও ভাঙ্গা চোরা জিনিষ পত্রের ব্যবসায়ি ) জীবনে। তবে লাখ নয়, ভাগ্যের চাকা ঘুরে গিয়ে ঠেকলো একবারে কোটিতে। মাত্র ৩০ টাকার লটারির টিকিট কেটে যে এভাবে রাতারাতি কোটিপতি হবেন তা কখনও স্বপ্নেও ভাবতে পারেননি পেশায় ভাংড়ী ওয়ালা রহমত সেখ। লটারিতে এক কোটি টাকা পেয়ে উচ্ছ্বসিত বীরভূমের রামপুরহাট থানার কাষ্টগড়া গ্রামের বাসিন্দা রহমত শেখ।

পরিবার সূত্রে জানা গিয়েছে,স্ত্রী এবং তিন মেয়েকে নিয়ে অভাবের সংসার রহমত শেখের। নিজস্ব বাড়ি না থাকায় শ্বশুর এর দেওয়া ছোট্ট বাড়িতেই বাস করেন রহমত শেখ এবং তাঁর পরিবার। কিছুদিন আগেই বিনা পনে তাঁর বড় মেয়েকে বিয়ে দিয়েছেন। রহমতের প্রতিদিনের রোজগার কোনদিন ২০০ থেকে ৩০০ টাকা। এত স্বল্প আয়ে কোনক্রমে সংসার চালান তিনি। বুধবার বিকেলে একঘর (৩০টাকা) লটারির টিকিট কাটেন রহমত। এরপর এদিন সন্ধ্যায় রেজাল্ট বের হতেই রহমতের খোঁজ শুরু করে দেন লটারির টিকিট বিক্রেতা। তারপরই তিনি কাষ্টগড়া গ্রামে পৌঁছে রহমতকে জানান, রহমত প্রথম প্রাইজ লেগেছে এক কোটি টাকায়। আর তা শুনেই রীতিমতো থতমত খেয়ে যান তিনি। কি করবেন ভেবে না পেয়ে এদিন রাতেই স্বস্ত্রীক রামপুরহাট থানায় হাজির হন তিনি। এরপর বৃহস্পতিবার সকালে গ্রামের উপপ্রধান সহ রহমত-এর বেশকিছু শুভাকাঙ্ক্ষী হাজির হন রামপুরহাট থানায়।

ইতিমধ্যেই রহমতের লটারির টিকিটে পাওয়া এক কোটি টাকা ব্যাংকের মাধ্যমে ভাঙানোর ব্যবস্থা করে দেবেন বলেই জানান রামপুরহাট থানার পুলিশ আধিকারিকরা। রহমত ও তার স্ত্রী জানান,লটারির টিকিটে পাওয়া ওই টাকা দিয়ে নিজস্ব একটি বাড়ি বানানোর এবং তিন মেয়ের ভবিষ্যৎ গড়ার পরিকল্পনা রয়েছে তাঁদের। অন্যদিকে গরীব রহমতের এক কোটি টাকা প্রাইজ পাওয়ায় কার্যত খুশির হাওয়া গোটা গ্রাম জুড়ে।

About Post Author