পাপ্পু সাঁতরা, হুগলি, সময় কলকাতাঃ বিতর্ক যেন পিছু ছাড়ছে না ব্রিজের। ৩ জুন জেলা সফরে গিয়ে কামারকুণ্ডু রেল গেটের ওপর নির্মিত রেলব্রিজ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, উদ্বোধনের আগে থেকেই কেন্দ্র-রাজ্য সংঘাত প্রকাশ্যে এসেছিল। রেলের পক্ষ থেকে হুগলি জেলা শাসককে চিঠি লিখে জানানো হয়েছিল, রেল এবং রাজ্যের যৌথ প্রক্রিয়ায় ব্রিজ তৈরি হয়েছিল। তাহলে ব্রিজ উদ্বোধনের সময় রেলকে আমন্ত্রণ জানানো হয়নি কেন ? তবে, ব্রিজ উদ্বোধনের দিনই মুখ্যমন্ত্রী পাল্টা জবাবও দেন তিনি। এদিকে, মুখ্যমন্ত্রীর ব্রিজ উদ্বোধন নিয়েই মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানাতে আসরে নামেন বিজেপি নেতৃত্ব। তোপ দেগে প্রশ্ন তোলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তিনি টুইট করে টাকা খরচের হিসাব দেন। উড়ালপুল নির্মাণে মোট ৪৪.৮৬ কোটি টাকা খরচ হয়েছে। যার মধ্যে রাজ্য দিয়েছে ১৮.১৬ কোটি টাকা। কেন্দ্র দিয়েছে ২৬.৭০ কোটি টাকা। তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রী এই প্রকল্প রাজ্যের নামে স্টিকার লাগিয়ে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভেঙেছেন। এসবের মাঝেই, ১০ তারিখ ডেডিকেশন টু দ্য নেশনের নামে ফের ব্রিজ উদ্বোধনের কথা ঘোষণা করা হয়। জানা গিয়েছে, থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং হুগলির সাংসদও। প্রধান অতিথি হিসেবে থাকার আমন্ত্রণ জানানো হয়েছে সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্নাকেও।
তবে উদ্বোধন নিয়ে বিতর্কের আঁচ এখনও নেভেনি। তারআগেই রাস্তার পিচ উঠে গিয়ে ফের একবার শিরোনামে উঠে এল হুগলির কামারকুণ্ডু উড়ালপুল। মুখ্যমন্ত্রীর উদ্বোধনের প্রায় ৩ দিন আগেই উড়ালপুলে যান চলাচল চালু হয়েছিল। কিন্তু, এরমধ্যেই, উঠে যাচ্ছে রাস্তার পিচের আস্তরণ। এই নিয়ে সরব হয়েছে স্থানীয় বিজেপি নেতা বিমান ঘোষ ও সঞ্জয় পাণ্ডে, তাদের প্রশ্ন এই ব্রিজ সঠিক ভাবে তৈরি করা হয়নি। কেন হয়নি তাঁর জবাব মুখ্যমুন্ত্রীকেই দিতে হবে।
পাশাপাশি সাধারণ মানুষের ক্ষোভ, প্রায় এক বছর তৈরী হয়ে পড়েছিল সেতু। তাঁরা রাজনৈতিক মারপ্যাঁচ বোঝে না। এই ব্রিজের ভবিষ্যৎ কি ?জনগণের করের টাকায় তৈরি ব্রিজের তিন দিনের মাথায় যদি এই দশা হয় তাহলে কতদিন দাঁড়িয়ে থাকবে এই ব্রিজ তা নিয়ে সন্দেহ আছে। দুর্ঘটনার ভয়ে আতঙ্কিত নিত্যযাত্রীরা। উদ্বোধনের পরেই পিচ উঠে যেতে শুরু হওয়ায় ক্ষুব্ধ জেলাবাসী।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?