Home » বিশ্ব রক্তদান দিবস : সামাজিক দায়িত্ব পালনের শপথ

বিশ্ব রক্তদান দিবস : সামাজিক দায়িত্ব পালনের শপথ

সময় কলকাতা ডেস্ক : “সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে “।১৪ জুন, ১৫৩ বছর আগের এই দিনটিতে জন্ম হয়েছিল কার্ল ল্যান্ডস্টেইনারের। এই নোবেলজয়ী বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন ব্লাড গ্ৰুপ আর তাঁর জন্মদিন উপলক্ষ্যে রক্তদাতা বীরদের উদ্দেশ্যে ১৪ জুন দিনটিকে উৎসর্গ করে ২০০৫ সাল থেকে বিশ্ব রক্ত দান দিবস পালন হয়ে চলেছে বিশ্বজুড়ে। প্রতি বছরের মত এবারও রাজ্যে বীরভূম হোক বা উত্তর চব্বিশ পরগণার উত্তর দমদম  – বিশ্ব রক্তদানকে আলাদা মাত্রা দেওয়া হচ্ছে । ১৪ জুনের দিনটিকে ঘিরে বিশ্ব রক্তদান দিবস হয়ে উঠেছে এক গণ-সামাজিক আন্দোলন উদযাপনের  দিন। যারা নিয়মিত রক্তদান করেন তাঁদের প্রয়াস নিয়েই আলোচনা।

রক্তদান দিবস আর কোনো একটি সামান্য প্রয়োজন ভিত্তিক কর্মসূচী নয়। এইদিনটি কার্যত নিয়েছে একটি সামাজিক আন্দোলনের অভিমুখ যে আন্দোলন এক সুত্রে বেঁধে দিয়েছে বিশ্ববাসীকে । মানুষের জীবন রক্ষায় রক্ত হয়ে ওঠে এমন এক বন্ধন যা একজন রক্তগ্রহীতা মানুষের শিরায় ধমনীতে বয়ে আসে আর একজন রক্তদাতা মানুষের মাধ্যমে। এখানে জাতি ধর্ম নেই, জাতের ভেদাভেদ নেই – রক্ত বিশ্ব মানবতার এক অঙ্গীকার। এই অঙ্গীকার পালনের আদৰ্শ স্থির করে দিতে থাকেন কিছু মানুষ যারা  নিজেদের বোধ ও ভাবনা দিয়ে রক্তদানের সাথে জড়িয়ে থাকতে চান।  একদল মানুষের কাছে বিশ্ব রক্তদান দিবস একটি শপথের নাম।

বিশ্ব রক্তদান দিবসের  যোদ্ধাদের কোনো আলাদা ভৌগোলিক পরিচয় হয় না।এঁরা অনেকে বছর ভর নিয়ম মেনে রক্তদানের কর্মকান্ডে যুক্ত থাকেন আবার যখন যেখানেই থাকুন ১৪ জুন উপলক্ষ্যে রক্ত দেওয়ার শপথ নিয়েছেন অনেকেই।তাঁরা ছুটে আসেন বিশ্ব রক্তদান দিবসের উৎসবের শরীক হতে। এই বীরেরা জানেন তাঁদের দেওয়া রক্ত এই ভুখন্ডের কোনো এক প্রান্তে একটি মানুষের প্রাণ বাঁচাবে। তাঁরা ব্রত পালন করছেন, অন্যদের উদ্বুদ্ধ করছেন – বার্তা রক্তের বন্ধনে বিশ্ব মানব বন্ধনের।।

About Post Author